আওয়ামী লীগ ও বিএনপি গণতন্ত্রের নামে দেশে একনায়কতন্ত্র চালু করেছে: জি এম কাদের

জি এম কাদের
ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, দেশে এখন আর গণতন্ত্র নেই। আওয়ামী লীগ ও বিএনপি বারবার সংবিধান সংশোধন করে গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছে। সব ক্ষমতা এখন এক ব্যক্তির হাতে কুক্ষিগত করা হয়েছে।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এ কথা বলেন। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এ মতবিনিময় হয়।

জি এম কাদের বলেন, দলীয়করণের মাধ্যমে দেশে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। সাধারণ মানুষের জন্য চিকিৎসা নেই, বেকারদের জন্য কাজের নিশ্চয়তা নেই।

এ সময় জি এম কাদের আরও বলেন, দেশের নির্বাচনী ব্যবস্থা বিধ্বস্ত হয়ে পড়েছে। দেশের মানুষ দেশ পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করতে পারছে না। আবার ইচ্ছে হলে, প্রতিনিধি পরিবর্তন করতে পারছে না সাধারণ মানুষ। মেধাবী ও যোগ্যতাসম্পন্ন মানুষ কোথাও স্থান পাচ্ছে না। আবার মেধাহীন, দুর্নীতিবাজ আর অসৎ মানুষ দিন দিন আরও ওপরে উঠছে।

জি এম কাদের বলেন, দেশের কোথাও জবাবদিহি নেই। জবাবদিহি না থাকার কারণে, দেশের প্রতিটি ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতি প্রতিষ্ঠিত হয়েছে। দুষ্টের দমন আর শিষ্টের পালন নেই কোথাও, দেশে এখন দুষ্টের পালন আর শিষ্টের দমন চলছে। তিনি বলেন, ‘এমন দেশের জন্য আমাদের মহান স্বাধীনতাসংগ্রাম হয়নি।’