রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত শিক্ষক সমাবেশে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ৮ অক্টোবর
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত শিক্ষক সমাবেশে বক্তব্য দেন রুহুল কবির রিজভী। ৮ অক্টোবর

ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থাকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল: রিজভী

বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে দেশের শিক্ষাব্যবস্থা ও নৈতিক ভিত্তিকে চরমভাবে পক্ষাঘাতগ্রস্ত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ সময়কালে গুণগত শিক্ষা নিশ্চিত করার চেয়ে ৯০–৯৫ শতাংশ পাসের হার দেখানোর রাজনীতি করা হয়েছে। এমনকি খাতায় না লিখলেও শিক্ষার্থীদের পাস করিয়ে দিতে শিক্ষকসহ শিক্ষা কর্মকর্তাদের ওপর মহল থেকে ধমক দিয়ে বাধ্য করা হতো।

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ কথা বলেন।

শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে তোলার দায়িত্ব শিক্ষকসমাজকে নিতে হবে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, একটি জাতির মেরুদণ্ড দুর্বল হলে পুরো শরীর যেমন পক্ষাঘাতগ্রস্ত হয়, তেমনি শিক্ষা খাত ধ্বংস হলে পুরো জাতিই পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। অতিরিক্ত রাজনীতিকরণের ফলে দেশের শিক্ষার মান অনেক নিচে নেমে গেছে। বইয়ের পাতায় ব্যক্তির গুণকীর্তন ও ছবি রাখাকে প্রাধান্য দেওয়া হলেও নৈতিক শিক্ষার স্থান ছিল না।

যুক্তরাজ্যের একটি ঐতিহাসিক ঘটনার উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, দাবি আদায়ের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করাও অত্যন্ত জরুরি।

বিএনপির প্রতিশ্রুতির কথা তুলে ধরেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি সব সময় প্রতিশ্রুতি ও তা বাস্তবায়নের অসাধারণ সমন্বয় করে এসেছে। শিক্ষকসমাজের ন্যায্য দাবিদাওয়ার বিষয়ে বিএনপি সচেতন। বিএনপির ভিশন ও পরিকল্পনায় শিক্ষকসমাজ কখনো তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হবে না।

সমাবেশে সভাপতিত্ব করেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। ঐক্যজোটের অন্য নেতারা সমাবেশে উপস্থিত ছিলেন। সমাবেশে আরও বক্তব্য দেন প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী, সহ–অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব চৌধুরী মুকিম উদ্দীন মাহমুদ।