
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা অভিযোগ করেছেন, আগামীকাল শনিবার ঢাকায় দলটির ‘গণতন্ত্র সমাবেশ’ ঘিরে সরকার দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। যদি বিরোধী নেতা-কর্মীদের বা সাধারণ জনগণের জানমালের কোনো ক্ষতি হয়, তাহলে তার দায় সরকারি দলকেই নিতে হবে।
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন নির্বাচনের দাবিতে ‘গণতন্ত্র সমাবেশ’ সফল করতে প্রস্তুতি কমিটির সভা করেছে এবি পার্টি। সভায় এসব কথা বলেন দলটির নেতারা। রাজধানীর বিজয়নগরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আজ শুক্রবার বিকেলে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী অভিযোগ করেন, আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী একটি দল। তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নিজেই একসময় বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার চাই। কিন্তু আজ তাঁর বক্তব্য পুরো উল্টো। সরকার ‘রাতের ভোটে’ আবার ক্ষমতায় আসার যে চক্রান্ত করছে, তা আর বাস্তবায়ন করতে দেওয়া হবে না।
লুটপাট অব্যাহত রাখতে সরকার স্বার্থান্বেষী কিছু সরকারি কর্মকর্তাকে ব্যবহার করছে বলে অভিযোগ করেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম। তিনি বলেন, এই সরকার ও গুটিকয়েক ব্যক্তি ছাড়া দেশের মানুষ একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়।
সভায় বক্তারা বলেন, সরকার আগামীকালের গণতন্ত্র সমাবেশ ঘিরে নানা ধরনের হিংসাত্মক বক্তব্য দিয়ে দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। কোনো ধরনের হিংসাত্মক কাজ যাঁরা করবে অথবা বিরোধী নেতা-কর্মীদের ওপর যদি কেউ হামলা করে, তাহলে সেসব ব্যক্তির ছবি ও ভিডিও ধারণ করে রাখা হবে। গণতন্ত্রকামী বিশ্বের সামনে তা দেখিয়ে মুখোশ উন্মোচন করা হবে তাদের।
এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জুর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন দলটির যুগ্ম সদস্যসচিব বিএম নাজমুল হক, আবদুল্লাহ আল মামুন, জ্যেষ্ঠ সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত, যুবপার্টির আহবায়ক এ বি এম খালিদ হাসান প্রমুখ।