
বিএনপির ডাকা সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে সংহতি জানিয়ে রাজধানীতে মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
আজ বুধবার রাজধানীর পল্টন ও বিজয়নগর সড়কে সকাল থেকে অবস্থান নেন এবি পার্টির নেতা–কর্মীরা। অবরোধে সংহতি জানিয়ে এবি পার্টির একটি বিক্ষোভ মিছিল রাজধানীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিল শেষে জাতীয় রাজস্ব ভবন–সংলগ্ন রাস্তায় পথসভা করেন এবি পার্টির নেতা–কর্মীরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সংগঠনটি।
পথসভায় এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) আবদুল ওহাব বলেন, এই সরকার জনগণের প্রতিপক্ষ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দাঁড় করিয়েছে। থানায় থানায় তালিকা করে বিরোধী রাজনীতিবিদদের আসামি করে নতুন নতুন মামলা দেওয়া হচ্ছে। এবার হামলা–মামলা করে এই আন্দোলন বন্ধ করা যাবে না।
হামলা ও গ্রেপ্তার বন্ধের আহ্বান জানিয়ে সরকারের উদ্দেশে সংগঠনটির মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমুল হক বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আপনারা ব্যর্থ। দেশ আপনাদের হাতে অনিরাপদ। তাই এ দেশের মানুষ আর আপনাদের ক্ষমতায় চায় না।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবি পার্টির দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, মহানগর দক্ষিণের সদস্যসচিব আনোয়ার সাদাত, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান প্রমুখ।