বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির নেতারা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে
বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির নেতারা। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে

আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে মাইনাস হয়ে গেছে: ছাত্রশক্তি

আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে অলরেডি (ইতিমধ্যে) মাইনাস (অপ্রাসঙ্গিক) হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাসহ জুলাই গণহত্যার আসামিদের ও শহীদ শরিফ ওসমান বিন হাদির খুনিদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন জাতীয় ছাত্রশক্তির নেতারা।

সমাবেশে ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, আওয়ামী লীগ চেষ্টা করেছে জাতীয় পার্টির মাধ্যমে তারা নির্বাচন করবে। জাতীয় পার্টি কোনো আসনে দ্বিতীয় স্থান অর্জন করতে পারে নাই। জাতীয় পার্টি নির্লজ্জভাবে এই নির্বাচনে হেরেছে। সুতরাং আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি থেকে অলরেডি মাইনাস হয়ে গেছে।

জাহিদ আহসান আরও বলেন, ‘আমরা আজকে রাজু ভাস্কর্য থেকে দাবি জানাই শেখ হাসিনাসহ তার মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগের নেতারা যাঁরা ভারতে পালিয়ে আছেন, তাঁদের সবাইকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত দিতে হবে।’

ওসমান হাদির খুনিদের বাংলাদেশে এনে আদালতের মুখোমুখি করার দাবি জানিয়ে ছাত্রশক্তির এই নেতা বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারের কাছে দাবি জানাই, আপনারা অনতিবিলম্বে কূটনৈতিক তৎপরতা শুরু করবেন এবং শরিফ ওসমান বিন হাদির যে সকল খুনিরা গ্রেপ্তার হয়েছেন, তাঁদেরকে বাংলাদেশে এনে আদালতের মুখোমুখি করবেন।’

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার বলেন, ‘নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে বিএনপি বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসন করছে। আমরা দেখেছি, বিএনপির একজন এমপি (সংসদ সদস্য) আওয়ামী লীগের নেতাকে গিয়ে কারা ফটক থেকে নিয়ে আসছেন। আমরা এই সকল ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।’

সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদাসসির চৌধুরী, সাধারণ সম্পাদক আল আমিন সরকারসহ অনেকে।