বিএনপি ষড়যন্ত্র করলে শিকড় উপড়ে ফেলা হবে: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক
ফাইল ছবি

বিএনপির উদ্দেশে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগকে ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করা যাবে না। দলের শিকড় তৃণমূলে, ক্ষমতাচ্যুত করতে হলে সেখানে আঘাত করতে হবে। সেটি করতে হবে নির্বাচনের মাধ্যমে। এবার কোনো ষড়যন্ত্র করলে শিকড় উপড়ে ফেলা হবে।

মহান বিজয় দিবস উপলক্ষে আজ শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।

আগামী নির্বাচন হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, ‘পৃথিবীর কোনো শক্তি নেই, ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে। যখন নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি জনগণ ভোট না দেয়, আমরা সালাম করে চলে যাব।’

বিএনপি-জামায়াতের উদ্দেশে আব্দুর রাজ্জাক বলেন, ‘আপনারা এ দেশে এখনো বেঁচে আছেন আমাদের দয়ায়। আবার যদি ষড়যন্ত্র করেন...। ২০১৩ সালে আপনাদের তাণ্ডবের উচিত শিক্ষা দিয়েছি। ২০১৪ সালের নির্বাচন বানচালের জন্য ঘরে ঘরে আগুন দিয়েছেন, স্কুলে আগুন দিয়েছেন, পুলিশকে মেরেছেন, মানুষ হত্যা করেছেন, তারপরও আপনারা এ দেশে আছেন। এবার যদি কোনো ষড়যন্ত্র করেন, শপথ নিচ্ছি আমরা, তোমাদের শিকড় উপড়ে ফেলব।’

কৃষিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি নেতা আমানউল্লাহ আমান বলেছিলেন, ১০ ডিসেম্বর এ দেশ শাসন করবে খালেদা জিয়া। আমানকে আমি জিজ্ঞেস করি, খালেদা জিয়া কোথায়? খালেদা জিয়া নিজ বাড়িতে প্রধানমন্ত্রীর দয়ায়। না হলে তাঁকে জেলখানায় থাকতে হতো। প্রধানমন্ত্রী গণভবনেই আছেন। এ দেশের জনগণ তাঁকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করতে।’

সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান প্রমুখ।