
চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতির কারণে অসহনীয় লোডশেডিং, কর্মসংস্থানের ঘাটতি— সব মিলিয়ে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন জনগণ আর মেনে নেবে না। আবার তত্ত্বাবধায়ক বা তদারকি সরকারের অধীনে নির্বাচনেও জনগণের কোনো মৌলিক পরিবর্তন হবে না। এখন জনগণের গণ-আন্দোলনকে বিকশিত করার সময়।
জাতীয় মুক্তি কাউন্সিলের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘ফ্যাসিবাদী শাসন উচ্ছেদের পথ: নির্বাচন নয় গণ-অভ্যুত্থান’ শীর্ষক এক আলোচনা সভায় নেতারা এসব কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকালে রাজধানীর তোপখানা রোডে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সভাপতিত্ব করেন জাতীয় মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম। তিনি বলেন, চাল, ডাল, আটাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতির কারণে অসহনীয় লোডশেডিং হচ্ছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে গণপরিবহন ভাড়া বৃদ্ধিসহ উৎপাদন খাতে সংকট সৃষ্টি হয়েছে। ইউরিয়া সারের মূল্যবৃদ্ধি, ৫৩টি অত্যাবশ্যকীয় ওষুধের মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানের ঘাটতির কারণে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে বর্তমান সরকারের ফ্যাসিবাদী শাসন ও নৈরাজ্যের অবসানের সংগ্রামে অংশ নিতে জনগণ উন্মুখ হয়ে আছেন। এই সন্ধিক্ষণে জনগণের হাতে ক্ষমতা আনার সংগ্রামে, ফ্যাসিবাদী শাসন অবসানে নেতৃত্ব দিতে বিপ্লবীদের ঐক্যবদ্ধ হতে হবে।
জাতীয় গণফ্রন্ট সমন্বয়ক টিপু বিশ্বাস বলেন, পুরোনো কায়দায় জনগণকে শাসন করার ক্ষমতা এই শাসক শ্রেণি হারিয়েছে। বর্তমান সরকারের অধীনে তাই কোনো নির্বাচন জনগণ আর মেনে নেবে না। তত্ত্বাবধায়ক বা তদারকি সরকারের অধীনে নির্বাচনেও জনগণের কোনো মৌলিক পরিবর্তন হবে না। জনগণের গণ-আন্দোলনকে তাই বিকশিত করতে হবে এবং তা গণ-অভ্যুত্থানের পথে এগিয়ে নিয়ে যেতে হবে।
বাঙলাদেশ লেখক শিবিরের সভাপতি হাসিবুর রহমান বলেন, শ্রমিক কৃষক নিপীড়িত জাতি ও জনগণের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া ভিন্ন পথ নেই। জনগণের হাতে ক্ষমতা আনার পথ জনগণের সরকার সংবিধান রাষ্ট্র কায়েমের পথ। সংস্কার দিয়ে আর কোনো কাজ হবে না।
সভায় আরও বক্তব্য দেন গণমুক্তি ইউনিয়ন আহ্বায়ক নাসিরুদ্দিন আহমেদ,পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমল ত্রিপুরা ও গণতান্ত্রিক বিপ্লবী জোট কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য কাজী ইকবাল প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার।