
ঈদযাত্রাকে কেন্দ্র করে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক, দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুই দুর্ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, এগুলো কোনো বিচ্ছিন্ন দুর্ঘটনা নয়। বরং দেশের পরিবহনব্যবস্থার দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অবহেলা ও দুর্বল তদারকির প্রতিফলন। দেশের সাধারণ মানুষের নিরাপদ যাতায়াতের অধিকার এখনো নিশ্চিত হয়নি, যা অত্যন্ত উদ্বেগজনক। অথচ নিরাপদ যাতায়াত নিশ্চিত করা রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মৌলিক দায়িত্ব।
আজ বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার এ কথা বলেন। সাবেক এই সংসদ সদস্য বলেন, সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় মো. সোহেলের (২২) মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় আহত যাত্রীদের আশু আরোগ্য কামনা করেন তিনি।
সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, এসব দুর্ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃশ্যমান কঠোর ব্যবস্থা নিতে হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, পবিত্র ঈদ সামনে রেখে প্রতিবছরের মতো এবারও যাত্রীর চাপ বৃদ্ধি পেয়েছে, যা আগেই অনুমেয় ছিল। কিন্তু এ সময় পরিবহনব্যবস্থায় প্রয়োজনীয় প্রস্তুতি, সতর্কতা ও কার্যকর তদারকি নিশ্চিত করা হয়নি। অতিরিক্ত ভাড়া আদায়, সড়কে চাঁদাবাজি ও যাত্রীদের সীমাহীন ভোগান্তির বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেই।
ঈদযাত্রা উপলক্ষে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা, ভাড়া নিয়ন্ত্রণ ও সড়কে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি বলে বিবৃতিতে উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ঈদযাত্রার বাকি সময়, ঈদের পর ফেরার সময় সামনে রেখে ফায়ার সার্ভিস, পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হতে হবে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল মোতায়েন করতে হবে। সড়ক ও মহাসড়ক বিভাগ এবং স্থানীয় সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করে যাত্রীদের নিরাপদ–নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার আহ্বান জানান তিনি।