এনসিপির শীর্ষ পর্যায়ের তিনজন নেতা যোগ দেওয়া নেতা–কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন
এনসিপির শীর্ষ পর্যায়ের তিনজন নেতা যোগ দেওয়া নেতা–কর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন

আপ বাংলাদেশের ঢাকার দুই মহানগরের ২২৯ নেতা–কর্মী এনসিপিতে

রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) ঢাকার দুই মহানগরের ২২৯ জন নেতা–কর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। এই ২২৯ জনের মধ্যে ১৬৮ জন আপ বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ শাখায় সক্রিয় ছিলেন আর ৬১ জন রাজনীতি করতেন ঢাকা মহানগর উত্তরে।

এর আগে গত ১৯ এপ্রিল আপ বাংলাদেশের মূল নেতৃত্ব এনসিপিতে যোগ দেয়। ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের উদ্যোগে আপ বাংলাদেশ গঠিত হয়েছিল।

আজ শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক অনুষ্ঠানে আপ বাংলাদেশের ২২৯ নেতা–কর্মী এনসিপিতে যোগ দেন। এনসিপির শীর্ষ পর্যায়ের তিনজন নেতা তাঁদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

‘ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ থেকে শিক্ষক, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, শিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকদের এনসিপিতে যোগদান’ শীর্ষক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অনুষ্ঠানে ছিলেন না। এ ছাড়া অনুষ্ঠানের বিশেষ অতিথি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মোহাম্মদ ইসহাক সরকারও অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি।

এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। সঞ্চালক ছিলেন এনসিপির যুগ্ম সদস্যসচিব শাহরিন সুলতানা ইরা। জুনায়েদ ও শাহরিন গত ১৯ এপ্রিল আপ বাংলাদেশ থেকে এনসিপিতে যোগ দেন। তাঁদের মধ্যে জুনায়েদ একসময় ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন।

শাহরিন সুলতানা জানান, আজ যাঁরা এনসিপিতে যোগ দিয়েছেন, তাঁরা সবাই আপ বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতা-কর্মী ছিলেন। অনুষ্ঠানের শুরুর দিকে বক্তব্য দেন এনসিপি নেতা আরিফুল ইসলাম আদীব, আলী আহসান জুনায়েদসহ কয়েকজন। এরপর যোগদান পর্ব শুরু হয়।

প্রথমে ঢাকা মহানগর উত্তরের ৬১ জন ও পরে দক্ষিণের ২২৯ জন নেতা–কর্মীর নাম ঘোষণা করেন শাহরিন সুলাতানা। যাঁদের নাম ঘোষণা করা হয়, তাঁরা একে একে মঞ্চে ওঠেন। তাঁদের সবাইকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন এনসিপি নেতা আরিফুল ইসলাম আদীব, সারজিস আলম ও আসিফ মাহমুদ।

সারজিস আলম ও আসিফ মাহমুদের বক্তব্যের মধ্য দিয়ে যোগদান অনুষ্ঠানটি শেষ হয়। এরপর ঝিনাইদহে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের ফটক থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কাকরাইল এলাকায় গিয়ে শেষ হয়।