
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনা (রোডম্যাপ) মূল্যহীন। যে নির্বাচন কমিশনের ক্ষমতা নেই, তারা সুষ্ঠু নির্বাচন করতে পারবে বলে মনে হয় না।
আজ বুধবার দুপুরে জাপার চেয়ারম্যানের বনানী কার্যালয়ে ‘জাতীয় ভূমিহীন আন্দোলন সুরক্ষা পার্টি’ নামের জাতীয় পার্টির একটি সহযোগী সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে মুজিবুল হক এ কথা বলেন। তিনি বলেন, আইনে আছে, নির্বাচনের সময় দেশের নির্বাহী বিভাগ নির্বাচন কমিশনের অধীন কাজ করবে। কিন্তু নির্বাহী বিভাগ যদি নির্বাচন কমিশনের কথা না শোনে, তাহলে কী হবে, তা বলা নেই। তাই নির্বাচন কমিশনের কথা নির্বাহী বিভাগ মানতে বাধ্য নয়।
মুজিবুল হক বলেন, ‘আমরা চেয়েছিলাম, নির্বাচন কমিশনকে ক্ষমতা দিয়ে আইন করা হোক। কেউ নির্দেশ অমান্য করলে যেন কমিশন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারে। কিন্তু নির্বাচন কমিশনই ক্ষমতা চায় না।’ তিনি আরও বলেন, শুরু থেকেই নির্বাচন কমিশন স্ববিরোধী কথা বলছে। তারা বলছে, কাউকে হাতে-পায়ে ধরে নির্বাচনে আনা নাকি তাদের কাজ নয়। তাহলে এতগুলো রাজনৈতিক দলের সঙ্গে এত আলোচনা করলেন কেন? আবার বলেছেন, সবাই চাইলে নাকি ব্যালটে নির্বাচন হবে। শাসক দল তো ইভিএম চায়, তাহলে কি বেশির ভাগ দলের মতামত উপেক্ষা করে কমিশন ইভিএমে নির্বাচন করবে?
জাতীয় পার্টির মহাসচিব বলেন, ১৫০ আসনে ইভিএমে নির্বাচন করতে নির্বাচন কমিশন আরও দুই লাখ ইভিএম কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া ইভিএম সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য দেশের ১০টি অঞ্চলে ১০টি ওয়্যার হাউস নির্মাণ করবে তারা। এ জন্য প্রায় ৯ হাজার কোটি টাকার বাজেটও তৈরি করেছে কমিশন। দেশের অর্থনৈতিক সংকটের মধ্যে এমন সিদ্ধান্ত অগ্রহণযোগ্য।
মুজিবুল হক বলেন, ‘ইভিএম হচ্ছে ভোটের ফল কারচুপির সিস্টেম। দেশের বেশির ভাগ রাজনৈতিক দল নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় ইভিএমের বিপক্ষে মতামত দিয়েছে। শুধু সরকার ও তাদের কয়েকটি মিত্র রাজনৈতিক দল ইভিএমে নির্বাচন চেয়েছে। এমন বাস্তবতায় নির্বাচন কমিশন বেশির ভাগ রাজনৈতিক দলের মতামত উপেক্ষা করে ইভিএমে নির্বাচন করতে চাচ্ছে। এ মেশিনে ভোট কারচুপি করলে তার কোনো প্রমাণ থাকে না। আবার প্রমাণের অভাবে সংক্ষুব্ধ হয়ে কেউ আইনের সহায়তা নিতে পারবে না। আমরা ইভিএমে নির্বাচন চাই না।’
নির্বাচন কমিশন কার অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে কাজ করছে, এমন প্রশ্ন তোলেন জাপার মহাসচিব। তিনি বলেন, যারা মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলবে, দেশের মানুষ তাদের ক্ষমা করবে না। জনতার আদালতে ভোটাধিকার হরণকারীদের বিচার একদিন হবেই।
অনুষ্ঠানে জাপার চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক কাজী আবুল খায়েরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন ভূমিহীন আন্দোলন সুরক্ষা পার্টির নেতা লতিফ সরকার।