
গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর কঠোর ব্যবস্থা নেওয়ার আগে উসকানিদাতাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
সোমবার এক বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশে রাজনৈতিক প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু এত তীব্র মাত্রার সহিংসতা ও বিদ্বেষ থাকা বিপজ্জনক। এই পরিস্থিতি থেকে সমাজকে বের করে আনতে বহুমাত্রিক প্রচেষ্টা ও আন্তরিকতা দরকার।
গোপালগঞ্জে আওয়ামী লীগের নেতা-কর্মীরা যে মাত্রায় সহিংসতা করেছে, যে ভাষায় কথা বলেছে, তা রাজনীতির জন্য ‘অশনিসংকেত’ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, আওয়ামী লীগ রাজনীতিতে কতটা গভীর বিভেদ তৈরি করেছে, এসব ঘটনা তারই দৃষ্টান্ত। সমাজ থেকে এই বিভেদ দূর করতে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক উদ্যোগ প্রয়োজন।
গাজী আতাউর রহমান বলেন, ফ্যাসিবাদের পতনের পর হোতাদের বিরুদ্ধে দ্রুত ও যথার্থ ব্যবস্থা নেওয়া দরকার ছিল, কিন্তু তা করা হয়নি। বিদেশে বসে আওয়ামী লীগের নেতারা অবিরাম উসকানি দিয়ে গেছেন, বিদ্বেষ ও হিংসা ছড়িয়েছেন।
বিবৃতিতে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে বিদেশে পলাতক অপরাধীদের ফিরিয়ে আনতে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ ও দেশে সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সামাজিক বিভেদ দূর করার আহ্বান জানানো হয়েছে।