জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর উপলক্ষে ৯ নভেম্বর লন্ডনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এহতেশামুল হক। পাশে ব্যারিস্টার নুরুল হকসহ অন্য নেতারা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর উপলক্ষে ৯ নভেম্বর লন্ডনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এহতেশামুল হক। পাশে ব্যারিস্টার নুরুল হকসহ অন্য নেতারা

লন্ডনে নাহিদের সংবর্ধনায় অংশ নিতে হলে দিতে হবে ফেসবুকের তথ্য

যুক্তরাজ্যে বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলামের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের লিংকসহ বিভিন্ন তথ্য চাওয়া হচ্ছে। নিবন্ধনকারীদের ফেসবুক প্রোফাইল লক করা কিংবা সীমাবদ্ধ থাকলে আবেদন বাতিল করা হতে পারে বলেও জানানো হয়েছে। এ ছাড়া আবেদনকারী এনসিপির যুক্তরাজ্য শাখার সদস্য কি না, সেটিও বাধ্যতামূলকভাবে জানাতে হচ্ছে। রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিতে ব্যক্তিগত এসব তথ্য সংগ্রহ যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা আইনের সঙ্গে কতটা সংগতিপূর্ণ, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

১৬ নভেম্বর পূর্ব লন্ডনের রমফোর্ডের হাই রোডে অবস্থিত ‘দ্য মেফেয়ার’ ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ছয়টায় নাহিদ ইসলামকে এই ‘বিপ্লবী গণসংবর্ধনা’ দেওয়ার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নিতে দলটির যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট (ncp.org.uk)-এ নাম, ই–মেইল, ফোন নম্বর ও ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলের লিংক দিয়ে নিবন্ধন করতে হচ্ছে। নির্দেশনায় বলা হয়েছে, শুধু নিবন্ধন করলেই প্রবেশ নিশ্চিত হবে না; আয়োজক কমিটির সরাসরি পাঠানো নিশ্চয়তাকরণ ই–মেইল প্রদর্শন ছাড়া কারও প্রবেশাধিকার থাকবে না।

এ বিষয়ে নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক জানান, অনুষ্ঠান নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে এবং সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই নিবন্ধন চালু করা হয়েছে। তিনি বলেন, অংশগ্রহণকারীদের ব্যক্তিগত গোপনীয়তা ও যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা আইনের বিষয়ে তাঁরা সচেতন এবং উত্থাপিত প্রশ্নগুলো গুরুত্বের সঙ্গে নিয়ে নিবন্ধনব্যবস্থা পর্যালোচনা করা হবে। তবে ফেসবুক প্রোফাইলের কোনো তথ্য যাচাই করা হবে কিংবা সংগৃহীত ডেটা কতদিন সংরক্ষণ করা হবে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা আইন-এর আর্টিকেল ৫(১)(সি) অনুযায়ী ‘ডেটা মিনিমাইজেশন’ নীতি অনুসরণ বাধ্যতামূলক, যার অর্থ সুনির্দিষ্ট উদ্দেশ্য পূরণে যতটুকু প্রয়োজন তার বেশি ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা যাবে না। পাশাপাশি আর্টিকেল ৯ অনুযায়ী কোনো ব্যক্তির রাজনৈতিক সংশ্লিষ্টতার তথ্য ‘বিশেষ শ্রেণির তথ্য’ হিসেবে গণ্য হয়, যা প্রক্রিয়াকরণে কঠোর আইনি শর্ত প্রযোজ্য। অনুষ্ঠানে অংশ নিতে উন্মুক্ত সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল ও রাজনৈতিক সদস্যপদ জানানোর শর্ত এসব আইনি মানদণ্ড পূরণ করছে কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

নাহিদ ইসলামের যুক্তরাজ্য সফর প্রস্তুতি কমিটি ৯ নভেম্বর লন্ডনে সংবাদ সম্মেলন করে। সেখানে জানানো হয়, এনসিপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ১৩ নভেম্বর এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন। সফরকালে তিনি ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সের আন্তর্জাতিক উন্নয়ন কমিটি, ওয়েস্টমিনস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি এবং মানবাধিকার সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থান-পরবর্তী গণতান্ত্রিক রূপান্তর, মানবাধিকার এবং গণহত্যার বিচারের বিষয়গুলো প্রাধান্য পাবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে প্রস্তুতি কমিটির আহ্বায়ক এহতেশামুল হক এবং এনসিপির কেন্দ্রীয় কমিটির প্রবাসী কল্যাণবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নুরুল হক উপস্থিত ছিলেন।