অর্থ পাচারকারী ও ঋণখেলাপিদের তালিকা প্রকাশের দাবি সিপিবির

অর্থপাচারীকারী ও ঋণখেলাপীদের তালিকা প্রকাশের দাবিতে আজ সোমবার বিকেলে রাজধানীর পল্টনে সমাবেশ করেছে সিপিবি
ছবি: সংগৃহীত

ক্ষমতাসীনদের প্রশ্রয় ছাড়া টাকা পাচার ও ঋণখেলাপির নামে ব্যাংক লুটের ঘটনা ঘটতে পারে না বলে মনে করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। রাজনৈতিক দলটির দাবি, অর্থ পাচারকারী ও ঋণখেলাপিদের তালিকা প্রকাশ করতে হবে। যাঁদের সহায়তায়, প্রশ্রয়ে ও অনুমোদনে এসব ঘটনা ঘটছে, তার শ্বেতপত্র প্রকাশের দাবিও জানায় এই রাজনৈতিক দল।

আজ সোমবার বিকেলে রাজধানীর পল্টন মোড়ে এক সমাবেশে সিপিবির নেতারা এসব দাবি জানান। সিপিবি আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন দলটির সভাপতি মোহাম্মদ শাহ আলম। এ সময় আরও বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ ও কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেব।

একদিকে টাকা পাচার ও খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে, অন্যদিকে বৈষম্য বাড়ছে বলে উল্লেখ করেন সিপিবির নেতারা। তাঁরা বলেন, অসৎ আমলা, অসৎ ব্যবসায়ী আর অসৎ রাজনীতিক—এই দুর্বৃত্তায়িত চক্র দেশ চালাচ্ছে। ফলে পর্যাপ্ত সম্পদ থাকা সত্ত্বেও দেশের উন্নয়ন ও তার সুফল সাধারণ মানুষ পাচ্ছেন না।

দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ ব্যাংক ক্ষমতাসীন দলগুলোর ইচ্ছা বাস্তবায়নের কাজ করে চলেছে বলেও অভিযোগ করেন সিপিবির নেতারা। তাঁরা বলছেন, একটি গোষ্ঠীর হাজার হাজার কোটি টাকার কর মওকুফ করা হলেও কয়েক হাজার টাকার জন্য কৃষকদের জেলে পোরা হয়।

সিপিবি নেতারা বলেন, একটা গ্রুপ এক ব্যাংক থেকে ৩০ হাজার কোটি টাকা ঋণ নেয়। তাদের হাজার হাজার কোটি টাকার কর মওকুফ করা হয়। তাঁরা বিদেশে সম্পদ পাচার করে বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলছেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন। দেশে জমিদারতন্ত্র গড়ছেন। তাঁদের সংখ্যা বাড়ছেই।