চট্টগ্রামে শোকসভায় আলোচকেরা

ভোটাধিকার প্রতিষ্ঠা সব অধিকার প্রতিষ্ঠার সমার্থক হয়ে দাঁড়িয়েছে

মাওলানা ভাসানী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও শ্রমিকনেতা ছিদ্দিকুল ইসলামের স্মরণে শোকসভায় আলোচকেরা
ছবি: সৌরভ দাস

শাসকগোষ্ঠী তাদের ক্ষমতা ব্যবহার করে একটু একটু করে জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে। কেড়ে নিতে নিতে শেষ পর্যন্ত ভোটের অধিকারও কেড়ে নিয়েছে তারা। তাই ভোটের অধিকার প্রতিষ্ঠা করা এখন সব অধিকার প্রতিষ্ঠা করার সমার্থক হয়ে দাঁড়িয়েছে। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় লড়াই করতে হবে। মাওলানা ভাসানী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও শ্রমিকনেতা ছিদ্দিকুল ইসলামের স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় বক্তারা এসব কথা বলেন। শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে ‘ছিদ্দিকুল ইসলাম নাগরিক শোকসভা কমিটি’ এ সভার আয়োজন করে।

শোকসভায় প্রধান আলোচক ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘দেশে এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার লড়াই চলছে। এ লড়াই আরও জোরদার করতে হবে। লোভ-লালসা পরিহার করে আমাদের এ লড়াই করতে হবে। লড়াইয়ের জন্য যদি সৎসাহস না থাকে, তাহলে লড়াই হয় না।’

ছিদ্দিকুল ইসলাম সুখী ও সমৃদ্ধিশালী সমাজ গঠনের জন্য আজীবন লড়াই করেছেন উল্লেখ করে বিএনপি এই নেতা আরও বলেন, ছিদ্দিকুল ইসলাম অসুন্দর পৃথিবীকে সুন্দর করতে লড়েছিলেন। অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে অকুতোভয় সৈনিক ছিলেন তিনি। তাঁকে কোনো লোভ-লালসা বা অর্থ গ্রাস করতে পারেনি।

বিশেষ আলোচক জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, রাষ্ট্রকাঠামো না বদলালে ভোটাধিকার প্রতিষ্ঠা করা যাবে না। এখন দেশে রাজনীতির প্রধান অ্যাজেন্ডা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রটিকে গণতান্ত্রিক রাষ্ট্র করতে হবে। সাংবিধানিক সংস্কার করে রূপান্তর ও মেরামত করতে হবে। একে বদলাতে হবে।

জোনায়েদ সাকি বলেন, ‘দেশে এখন ট্রেড ইউনিয়ন করা রীতিমতো যুদ্ধের শামিল। এরশাদের আমলেও লড়াই হয়েছে। ছাত্রসংগঠন, শ্রমিক সংগঠন, কৃষক সংগঠন, পেশাজীবী সংগঠন লড়েছে। কল্পনা করতে পারবেন না, বর্তমান সময়ে এই যে আমরা আরও ভয়াবহ কর্তৃত্ববাদী শাসনের মধ্যে আছি, সেখানে সেভাবে একটা লড়াই গড়ে তুলতে পারছি? কোনো পেশাজীবীর অবস্থান থেকে প্রতিবাদ আসছে? প্রতিবাদ আসা সম্ভব? সবার চাকরির ওপর থাবা মেরে আছে সরকার।’

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, আজকে বাংলাদেশের সর্বত্র সংবিধান সংশোধনের, রাষ্ট্র সংস্কারের ও পরিবর্তনের আওয়াজ আসছে সর্বত্র। আজ থেকে ১৫ বছর আগে রাজনীতির গুণগত পরিবর্তনের যে কথা বলেছিলেন, আজ তা সবাই স্বীকার করছেন। দেশ মেরামত করার সময় এসেছে। এই সংবিধান এবং রাষ্ট্র জনগণের উপকারে আসছে না। শোষকদের, লুটপাটকারীদের, দুর্নীতিবাজদের উপকারে আসছে। এ জন্য এর আমূল পরিবর্তন প্রয়োজন।

শোকসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ ইলিয়াস। গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী হাসান মারুফ শোকসভা সঞ্চালনা করেন। শোকসভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সিদ্দিক আহমেদ, মুক্তিযুদ্ধ গবেষক মাহফুজুর রহমান, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম, মাওলানা ভাসানী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবদুল গাফফার খান প্রমুখ।