ছাত্র ফেডারেশন করায় ছাত্রলীগের বিরুদ্ধে ঢাবি ছাত্রকে হুমকির অভিযোগ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

গণসংহতি আন্দোলনের ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে জিজ্ঞাসাবাদ ও তাঁকে নিয়ে যেতে মা-বাবাকে ফোন করে গ্রামের বাড়ি বগুড়া থেকে ঢাকায় আনার অভিযোগ উঠেছে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে। ছাত্রলীগের ওই নেতারা ওই ছাত্রকে মারধর করে পুলিশে দেওয়ার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। যদিও অভিযুক্ত নেতাদের একজনের দাবি, তাঁরা ওই ছাত্রের সঙ্গে কোনো দুর্ব্যবহার করেননি। বরং ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে।

ওই ছাত্রের নাম সামির সাদিক। তিনি লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটির সদস্য। আর অভিযোগ ওঠা দুজন হলেন—জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সহসভাপতি আহমাদুল্লাহ ও পাঠাগারবিষয়ক সম্পাদক রেজভী হাসান। তাঁরা তিনজনই মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ২২৩ নম্বর কক্ষে থাকেন।

গতকাল সোমবার দিবাগত রাত একটা থেকে ভোররাত চারটা পর্যন্ত নিজেদের কক্ষে এ ঘটনা ঘটে বলে সামির অভিযোগ করেন। তিনি দাবি করেন, আহমাদুল্লাহ ও রেজভী হাসান তাঁকে জিজ্ঞাসাবাদ ও হুমকি দিয়েছেন।

সামির সাদিক আরও অভিযোগ করে বলেন, ‘প্রথম বর্ষ থেকে জিয়াউর রহমান হলে থাকছি। পাশাপাশি ছাত্র ফেডারেশনের রাজনীতির সঙ্গে যুক্ত আছি। এত দিন আমার ছাত্র ফেডারেশন করার বিষয়টি ছাত্রলীগের নেতারা জানতেন না। গতকাল হলের কক্ষে আমার কাছে ছাত্র ফেডারেশনের কিছু বই দেখেন আমার রুমমেট আহমাদুল্লাহ ও রেজভী হাসান। পরে এটি নিয়ে তাঁরা রাত একটা থেকে চারটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তাঁরা আমার বাবাকে মুঠোফোনে কল করে ক্যাম্পাসে এসে আমাকে নিয়ে যেতে বলেন। তা না হলে আমাকে মারধর করে পুলিশে দেওয়ার হুমকিও দেন তাঁরা।’

মধ্যরাতে মুঠোফোনে ওই খবর শুনে তাঁর মা–বাবা আর ঘুমাতে পারেননি উল্লেখ করে সামির সাদিক জানান, আজ মঙ্গলবার ভোর হতেই গ্রামের বাড়ি বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তাঁরা। ক্যাম্পাসে আসার পর তাঁকে দেখে কান্নায় ভেঙে পড়েন মা। মায়ের কান্না দেখে তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। ঘটনাটি জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষকে ইতিমধ্যে জানানো হয়েছে এবং এ ঘটনায় আজই প্রাধ্যক্ষকে লিখিত অভিযোগ দেওয়া হবে বলে জানান সামির সাদিক।

মুঠোফোনে খবর পেয়ে আজ সকালে বগুড়া থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসা সামির সাদিকের বাবা এমতাসুর রহমান বলেন, ‘গতকাল রাত পৌনে একটার দিকে আহমাদুল্লাহ নামের একজন আমাকে ফোন করেন। তিনি আমাকে বলেন যে আপনার ছেলে নিষিদ্ধ সংগঠন করে। তাঁর কাছে বই পাওয়া গেছে। হলের রাজনৈতিক বড় ভাইয়েরা জানতে পারলে তাঁকে মারধর করে পুলিশে দেওয়া হবে। দ্রুত ক্যাম্পাসে এসে তাঁকে নিয়ে যান।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের সহসভাপতি আহমাদুল্লাহ। তিনি দাবি করেন এ ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। সামিরের পরিবারের কাউকে তিনি ফোন করেননি। ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। সামির সাদিকের কাছে ছাত্র ফেডারেশনের বই দেখে তাঁরা শুধু জানতে চেয়েছিলেন, তাঁর সঙ্গে কোনো দুর্ব্যবহার করা হয়নি। অবশ্য অভিযোগের বিষয়ে রেজভীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ঘটনা সম্পর্কে তিনি অবগত আছেন। লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

এদিকে সামির সাদিক ও তাঁর মা–বাবাকে ছাত্রলীগের হয়রানির ঘটনার নিন্দা জানিয়েছেন ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরমানুল হক।

তিনি বলেন, বৈধ শিক্ষার্থী হিসেবে হলে থাকা সামির সাদিকের অধিকার। তাঁকে জিজ্ঞাসাবাদ ও পুলিশে দেওয়ার হুমকি যাঁরা দিয়েছেন, তাঁরা অপরাধী। এই অপরাধীদের বিচারের দাবিতে শিগগিরই হল প্রাধ্যক্ষ ও অভিযুক্ত ব্যক্তিদের বিভাগের প্রধান বরাবর লিখিত অভিযোগ দেওয়া হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজেদের মতো করে রাজনীতি বেছে নেওয়ার অধিকার রয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব সুযোগ-সুবিধা পাওয়ার অধিকার রয়েছে। বিশ্ববিদ্যালয়ে যেন গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে, প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো তাদের ঐতিহাসিক ভূমিকা যেন অব্যাহত রাখে, সেটাই আমাদের প্রত্যাশা। ছাত্রলীগের কেউ অতি উৎসাহী হয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে থাকলে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।’