বিএনপি ‘নালিশ পার্টি’ থেকে ‘মাথা খারাপ পার্টিতে’ পরিণত হয়েছে: তথ্যমন্ত্রী

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, নালিশ করে দিশা না পেয়ে বিএনপি এখন ‘মাথা খারাপ পার্টিতে’ পরিণত হয়েছে। আজ শনিবার বিকেলে গাইবান্ধা স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

হাছান মাহমুদ বলেন, ‘র‍্যাবের কয়েকজন সদস্য ও পুলিশপ্রধানের ওপর একটি মার্কিন সংস্থার নিষেধাজ্ঞায় বিএনপি নেতারা বর্ষাকালে পুঁটিমাছের মতো লাফিয়েছেন। কিন্তু এখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর বিশ্বনেতাদের পাশে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বৈঠক করতে দেখে তাদের লাফালাফি বন্ধ হয়ে গেছে। মাথা খারাপ হয়ে গেছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আগে বিএনপির নেতারা দিনের বেলা বিভিন্ন জায়গায় নালিশ করে বেড়াত আর রাতের বেলা বিভিন্ন দূতাবাসে গিয়ে ধরনা দিত। সেই নালিশ পার্টি এখন মাথা খারাপ পার্টিতে পরিণত হয়েছে। তারা এখন বিভিন্ন জায়গায় সমাবেশের নামে নিজেরা নিজেরা মারামারি করে আর পুলিশের ওপর হামলা চালায়। কয়েক দিন আগেও মুন্সিগঞ্জে পুলিশের ওপর হামলা চালিয়েছে তারা।’

স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে নতুন প্রজন্মের উদ্দেশে ইতিহাস তুলে ধরেন হাছান মাহমুদ। তিনি বলেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর সারা দেশে বিভিন্ন জায়গায় সেই ঘোষণা প্রচার করা হয়। চট্টগ্রাম বেতার কেন্দ্রকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ঘোষণা করে চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান সেই কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। পরে আওয়ামী লীগ নেতারা একজন সেনাবাহিনীর অফিসারকে দিয়ে ঘোষণা পাঠ করানোর সিদ্ধান্ত নিয়ে তখন চট্টগ্রামে অবস্থানরত মেজর রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান যে তিনি অ্যামবুশে আছেন, সেখান থেকে সরে এলে যুদ্ধের ক্ষতি হবে এবং কাছাকাছি থাকা মেজর জিয়ার সঙ্গে যোগাযোগ করতে বলেন।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমার নির্বাচনী এলাকা বোয়ালখালীর পাহাড় থেকে তখন জিয়াউর রহমানকে নিয়ে এসে ২৭ মার্চ বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করানো হয়। প্রথমে জিয়া ভুল পড়েন, পরে বঙ্গবন্ধুর নামে ঠিকভাবে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। আজকে বিএনপির কেউ কেউ বলার চেষ্টা করেন জিয়া হুইসেল বাজিয়েছেন আর দেশ স্বাধীন হয়ে গেছে। এটা জাতির সাথে মশকরা।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন। গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ শামছুল আলম হিরুর সভাপতিত্বে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, শাজাহান খান, আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এম আশিকুর রহমান, কেন্দ্রীয় সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, সফুরা বেগম রুমি, সৈয়দ আবদুল আউয়াল শামীম বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে বক্তব্য দেন।

সম্মেলনে আবু বকর সিদ্দিক গাইবান্ধা জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি ও মোজাম্মেল হক মণ্ডল সাধারণ সম্পাদকের দায়িত্ব পান।