জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)

বাজেট কথার ফুলঝুরি ছাড়া কিছু নয়: জাসদ

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘কথার ফুলঝুরি ও রাজনৈতিক চমকবাজি’ বলে মনে করছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। দলটির দাবি, বাজেটের আকার, রাজস্ব আয় ও প্রবৃদ্ধির লক্ষ্য বাস্তবসম্মত নয় এবং তা অর্জন করা কঠিন। আজ বৃহস্পতিবার বাজেট–পরবর্তী প্রতিক্রিয়ায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি এমন প্রতিক্রিয়া জানায়।

জাসদ বলেছে, ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটের আকার অবাস্তব এবং অর্জনযোগ্য নয়। এ ছাড়া ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাও বর্তমান পরিস্থিতিতে বাস্তবসম্মত নয়।

বিবৃতিতে বলা হয়, দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের কারণে বিনিয়োগ কমেছে। অনেক উদ্যোক্তা পুরোনো শিল্প-কারখানা বন্ধ করে দিচ্ছেন। রপ্তানি ও আমদানি কমে যাওয়ায় রাজস্ব আদায়ও কমেছে। ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বাজেট ঘাটতি পূরণে বৈদেশিক ঋণ ও দেশীয় ব্যাংকঋণের ওপর নির্ভরতা অর্থনীতিকে আরও ঋণনির্ভর করে তুলবে। পাশাপাশি দেশীয় ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নেওয়া হলে বেসরকারি বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

দলটি মনে করে, নিত্যপণ্যের উৎসে কর কমানোর প্রস্তাব সরকারের সদিচ্ছার পরিচয় দিলেও বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণে ব্যর্থতা এর সুফল কমিয়ে দেবে। বর্তমান মূল্যস্ফীতি ৯ দশমিক ৪২ শতাংশ থেকে ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যও কঠিন হবে।

তবে মোবাইল ফোন উৎপাদন ও সংযোজন শিল্পে ভ্যাট সুবিধা অব্যাহত রাখা, কিছু প্রযুক্তিপণ্যে কর কমানো এবং মোবাইল সিমের ওপর ৩০০ টাকার কর প্রত্যাহারের প্রস্তাবকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেছে দলটি।

সরকারকে বাস্তববাদী হওয়ার আহ্বান জানিয়ে জাসদ বলেছে, রাজনৈতিক স্থিতিশীলতা, আইনের শাসন ও সুশাসন নিশ্চিত না হলে বাজেট বাস্তবায়ন কঠিন হবে।