
হরেক রঙের টুপি মাথায় পরে, বাদ্য বাজিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সমাবেশে অংশ নিচ্ছেন দলটির নেতা–কর্মীরা। আজ শুক্রবার বেলা তিনটায় রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে এই সমাবেশ শুরু হয়েছে।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী সন্ত্রাসের প্রতিবাদে এই সমাবেশ করছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। সঞ্চালনা করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির। সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা অংশ নিয়ে বক্তব্য দিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে পৃথক মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতা–কর্মীরা। আগত নেতা–কর্মীদের কেউ কেউ একই রঙের ক্যাপ (টুপি) মাথায় দিয়ে, কেউবা বাদ্য বাজিয়ে সমাবেশে আসছেন। কেউ আবার লাঠিসোঁটা হাতে নিয়ে সমাবেশস্থলে আসছেন। এ ক্ষেত্রে বাঁশ বা কাঠের লাঠিতে জাতীয় পতাকা টাঙিয়ে নিয়েছেন।
বেলা সোয়া তিনটায় এই প্রতিবেদন লেখার সময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতা–কর্মীরা সমাবেশস্থলে আসছেন। মিছিল–স্লোগানে সমাবেশস্থল মুখর করে রেখেছেন তাঁরা।
সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করতে মহানগর নাট্যমঞ্চ প্রাঙ্গণে নির্মিত অস্থায়ী মঞ্চের আশপাশে এবং গুলিস্তান এলাকায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে।