
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে ‘কটূক্তি’ ও তাঁর প্রতি ‘মানহানিকর’ বক্তব্যের জন্য করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবসারকে ক্ষমা চাইতে বলেছেন কাউন্সিলররা। ক্ষমা না চাইলে উচিত জবাব দেওয়ার হুমকি দেন তাঁরা।
আজ রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় কাউন্সিলররা এসব কথা বলেন। নগরের আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারীর সঞ্চালনায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বক্তব্য দেন।
চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবসারের বিরুদ্ধে ২০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী মো. মোস্তফা কামাল চৌধুরী। মেয়রের বিরুদ্ধে ‘মানহানিকর’ ও ‘হুমকিমূলক’ বক্তব্য দেওয়ার অভিযোগে নগরের চান্দগাঁও থানায় মামলাটি করা হয়। ওই দিন রাতে সুরক্ষা পরিষদের তিন নেতার বিরুদ্ধে নগরের দুটি থানায় সাধারণ ডায়েরি করা হয়।
মেয়রের ব্যক্তিগত সহকারীর করা মামলার এজাহারে বলা হয়েছে, ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় নগরের পশ্চিম মাদারবাড়ী এলাকায় চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদের ব্যানারে সমাবেশ হয়। ওই সমাবেশে নুরুল আবসার মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে উদ্দেশ্য করে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দেন। এতে তিনি মেয়রকে গুন্ডা সম্বোধন করে সাবধান হয়ে যাওয়ার জন্য বলেন। তিনি বলেন, ‘উল্টাপাল্টা কথাবার্তা বললে তোমাকে (মেয়র) এই চট্টগ্রাম ছেড়ে চলে যেতে হবে।’
রোববারের প্রতিবাদ সভায় সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আফরোজা কালাম বলেন, সুরক্ষা পরিষদের সভাপতি নুরুল আবসার মেয়রের বিরুদ্ধে অশালীন ও কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন। তাঁদের আন্দোলনে কোনো বাধা নেই। তবে মেয়রের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছেন, তাতে শুধু মেয়রকে অপমানিত করা হয়নি, ৭০ লাখ নগরবাসীকেও অপমান করেছেন নুরুল আবসার।
সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন বলেন, ‘সিটি করপোরেশনের কাউন্সিলররা জনগণের বিরুদ্ধে নন। গৃহকর সহনীয় পর্যায়ে রাখার জন্য স্বয়ং মেয়র নির্দেশনা দিয়েছেন। কাউন্সিলররাও গৃহকরের বিষয়টি নিয়ে সাধারণ সভায় আলোচনা করেছেন। তাই করদাতা সুরক্ষা পরিষদকে হুঁশিয়ার করে দিতে চাই, নগরবাসীকে বিভ্রান্ত করবেন না। মেয়রের বিরুদ্ধে আবার কটূক্তিমূলক বক্তব্য দেওয়া হলে জবাব দেওয়া হবে।’
সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ করদাতা সুরক্ষা পরিষদের সভাপতির উদ্দেশে বলেন, ‘যত দ্রুত পারেন, মেয়রের কাছে এসে ক্ষমা চান। না হলে ব্যবস্থা নেওয়া হবে। আপনি (নুরুল আবসার) এভাবে খারাপ করতে পারেন না। যদি ক্ষমা না চান, তাহলে উচিত জবাব দেওয়া হবে। ৪১টি ওয়ার্ডে কাউন্সিলররা প্রতিরোধ করলে ঘরের বাইরে থাকতে পারবেন না।’
সমাবেশে অন্য বক্তারা বলেন, মেয়র চিকিৎসার জন্য বর্তমানে দেশের বাইরে আছেন। তিনি এলে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে বক্তব্য দিয়েছেন কাউন্সিলর মো. মোরশেদ আলম, শৈবাল দাশ, আবুল হাসনাত, হুরে আরা প্রমুখ।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের আমলে স্থাপনার ভাড়ার ভিত্তিতে গৃহকর নির্ধারণ করা হয়েছিল। চট্টগ্রাম করদাতা সুরক্ষা পরিষদসহ বিভিন্ন সংগঠনের আন্দোলনের মুখে ২০১৭ সালে ওই গৃহকর আদায় কার্যক্রম স্থগিত করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে বর্তমান মেয়র মো. রেজাউল করিম চৌধুরী দায়িত্ব নিয়ে এই গৃহকর আদায়ের উদ্যোগ নেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে স্থগিতাদেশ তুলে নেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়। এখন সেই গৃহকর আদায় কার্যক্রম চলমান। আগে স্থাপনার আয়তনের ভিত্তিতে গৃহকর নেওয়া হতো। নতুন পদ্ধতিতে গৃহকর ৩ থেকে ১০ গুণ পর্যন্ত বেড়ে যায়।