
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে থাকা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় তারা জামায়াত আমিরকে নারীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলার সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেন, ‘অনেকে বলছেন তাঁর আইডি হ্যাক হয়েছে। আমরা বলছি, উনার মাথা হ্যাক হয়েছে। তিনি নিজেই নিজের মুখোশ খুলে দিয়েছেন।...তিনবার নির্বাচন করে সব মিলিয়ে ৪১ হাজার ভোট পেয়েছেন তিনি। এখন তাঁর নিজ এলাকার মানুষই তাঁকে গুরুত্ব দেয় না বলেই তিনি ঢাকা-১৫ আসনে নির্বাচন করতে আসছেন।’
সমাপনী বক্তব্যে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘জামায়াত আমিরকে অবশ্যই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। তা না হলে আমরা আবারও বৃহত্তর কোনো কর্মসূচি দিতে বাধ্য হব।’ তিনি আরও বলেন, জামায়াতে ইসলাম রাজনৈতিকভাবে এই বাংলাদেশে যদি সামান্যতম শক্তি অর্জন করে, এটি শুধু নারী সমাজ নয়, এই বাংলাদেশের সবকিছুর জন্য হুমকিস্বরূপ।
সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম, ঢাবি কমিটির সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ছাত্রীবিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলামহ অন্য নেতারা।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভেরিফায়েড অ্যাকাউন্ট রয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। ওই অ্যাকাউন্ট থেকে নারীদের অবমাননা করে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়েছে। জামায়াত থেকে দাবি করা হচ্ছে, অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে।