সরকার ভয় পেয়ে জনগণকেও ভয় দেখাচ্ছে: গণসংহতি আন্দোলন

গণসংহতি আন্দোলন
গণসংহতি আন্দোলন

ঢাকায় আগামী ১০ ডিসেম্বর সমাবেশ ঘিরে বিএনপিসহ বিরোধী দলের নেতা–কর্মীদের গণগ্রেপ্তার ও দমন–পীড়নের নিন্দা জানিয়েছে গণসংহতি আন্দোলন। গতকাল মঙ্গলবার দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান বিবৃতিতে বলেন, মুখে সভা-সমাবেশের অধিকারের কথা বললেও বাস্তবে সরকার সংঘাতের উসকানি দিচ্ছে। এই সমাবেশ বানচাল করতে ব্যাপক দমন–পীড়ন চালাচ্ছে। সরকার ভয় পেয়ে জনগণকেও ভয় দেখাচ্ছে।

বিবৃতিতে বলা হয়, বিএনপির সমাবেশ ঘিরে আন্দোলন ঠেকাতে সরকার নানা অপকৌশল, গণগ্রেপ্তার ও দমন–পীড়ন চালাচ্ছে। এই সরকারের নৈতিক পরাজয় হয়ে গেছে। তারা সমাবেশ নিয়ে দ্বিচারিতা করছে। মুখে সমাবেশের অধিকার অবারিত বললেও বাস্তবে সরকার একের পর এক সংঘাতের উসকানি দিয়ে যাচ্ছে।

দেশব্যাপী বিরোধী দলগুলোর আন্দোলনের উত্থান ও ঐক্যের প্রয়াস দেখে সরকার প্রচণ্ড ভীত হয়ে পড়েছে দাবি করে বিবৃতিতে বলা হয়, মূলত জনসম্মতিহীন এ সরকারের রাজনীতিতে আর কোনো নৈতিক স্থান নেই। তাই তারা কর্তৃত্ববাদী ও দানবীয় কায়দায় রাষ্ট্রক্ষমতাকে কাজে লাগিয়ে সব আন্দোলন দমন করতে চায়।

গণসংহতি আন্দোলনের নেতারা বলেন, বর্তমান সরকার শান্তিপূর্ণ আন্দোলনে সীমাহীন দুর্ভোগ সৃষ্টি করছে। রাস্তাঘাট ও যানবাহন বন্ধ করে এবং তাদের মাস্তান বাহিনী দিয়ে, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে সংঘাত তৈরির অপচেষ্টাও করছে।

গ্রেপ্তার নেতাদের অবিলম্বে মুক্তি ও উসকানিসহ দমনমূলক সব কর্মকাণ্ড বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের এ দুই নেতা।

বিরোধীদের যেকোনো গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেওয়া বন্ধ করা এবং সভা-সমাবেশের অধিকার কার্যকর করার দাবি জানিয়েছেন গণসংহতি আন্দোলনের নেতারা। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান ও দেশের শাসনব্যবস্থা বদলের লক্ষ্যে জনগণের বৃহত্তর ঐক্য গড়ার আহ্বানও জানিয়েছেন তাঁরা।