ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বিক্ষোভ। আজ রোববার রাজধানীর পুরানা পল্টন এলাকায়
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) বিক্ষোভ। আজ রোববার রাজধানীর পুরানা পল্টন এলাকায়

ইরানে সামরিক অভিযান মানবতাবিরোধী: সিপিবি

ইরানে মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আজ রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন সিপিবির নেতা-কর্মীরা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সমাবেশে সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে। ইরানে সামরিক হামলা, রাজনৈতিক নেতাদের হত্যা, স্কুলে বোমা হামলা চালিয়ে নির্বিচার শিশু হত্যা, এমনকি ইরানের সরকারবিরোধী আন্দোলনরত বামপন্থী ও অপরাপর বিরোধী শক্তির অবস্থানসমূহে বোমা হামলা পরিচালনা করে মার্কিন ও ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে দিয়েছে।’

কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, ইরানে নতুন করে এই সামরিক অভিযান একটি মানবতাবিরোধী, ইরানের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী আগ্রাসন এই বর্বরতা-প্রতিবাদ থেকে বিরত থাকা বা দ্ব্যর্থতা প্রদর্শনের কোনো সুযোগ নেই। তিনি পৃথিবীর শান্তিকামী মানুষের পাশাপাশি বাংলাদেশের মুক্তিকামী জনতার প্রতি এই আগ্রাসনের বিরুদ্ধে সংহতি আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, এককেন্দ্রিক বিশ্বে মার্কিন সাম্রাজ্যবাদী আধিপত্য গোটা পৃথিবীকে এমনভাবে গ্রাস করেছে যে বিভিন্ন জাতি ও রাষ্ট্রের স্বাধীনতা-সার্বভৌমত্বের ধারণা অর্থহীন হয়ে পড়েছে। বাংলাদেশের গণ-অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার তার বিভিন্ন পদক্ষেপের মধ্য দিয়ে শর্তহীন মার্কিন আনুগত্যের প্রমাণ দিয়েছে। সদ্য ক্ষমতাসীন বিএনপি সরকারও অল্প সময়ের মধ্যেই মার্কিন সাম্রাজ্যবাদ তোষণ ও তাদের আজ্ঞা পালনে যে নিষ্ঠা প্রদর্শন করেছে, তাতে দেশের মানুষ ইতিমধ্যে ভীতসন্ত্রস্ত।

দেশে দেশে সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রাম তীব্রতর করা এবং আন্তর্জাতিকতাবাদী সংহতি আন্দোলন জোরদার করার আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাল সোমবার বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের উদ্যোগে মার্কিন আগ্রাসন ও যুদ্ধের প্রতিবাদে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।