
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটলে সিট ধরা, কথা–কাটাকাটির মতো তুচ্ছ কারণ নিয়ে বারবার সংঘর্ষে জড়াচ্ছেন বিভিন্ন উপপক্ষের নেতা-কর্মীরা। প্রতিবারই পুলিশ ও প্রক্টরিয়াল বডির সামনেই নেতা-কর্মীরা লাঠিসোঁটা, রামদা নিয়ে একে অপরের ওপর চড়াও হয়েছেন।
চবির প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেছেন, সংঘর্ষের বেশির ভাগ ঘটনা তাঁরা এখনো তদন্ত করছেন। কিছু দিক বিবেচনায় কয়েকজনকে ক্ষমা করা হয়েছে।
৫ মাসে ১২ বার সংঘর্ষ
গত বছর ৩১ জুলাই বর্তমান শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর পর থেকে এখন পর্যন্ত ছাত্রলীগের বিভিন্ন উপপক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে ১২ বার। এতে বিভিন্ন পক্ষের ৫৬ নেতা-কর্মী আহত হয়েছেন৷
গতকাল শুক্রবার রাতে শাটল ট্রেনের সিটে বসা নিয়ে তর্কাতর্কির জের ধরে দ্বিতীয়বারের মতো সংঘর্ষে জড়িয়েছে শাখা ছাত্রলীগের উপপক্ষ ভার্সিটি এক্সপ্রেস ও সিক্সটি নাইন। এতে উভয় পক্ষের আট নেতা আহত হন৷ এ ছাড়া সংঘর্ষ থামাতে এসে সহকারী প্রক্টর শহিদুল ইসলামও ইটপাটকেলের আঘাতে আহত হয়েছেন।
এর আগে ২ ডিসেম্বর রাতে দেয়ালে চিকা মুছে দেওয়া নিয়ে সংঘর্ষে জড়িয়েছিল দুটি উপপক্ষ। এতে ১৩ নেতা-কর্মী আহত হয়েছিলেন। এ সময় দা উঁচিয়ে স্লোগান দেওয়া শাখা ছাত্রলীগের একটি উপপক্ষ বিজয়ের নেতা-কর্মীদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। এ ছাড়া ৩১ জুলাই রাতে শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর দুবার ক্যাম্পাস অবরোধ করে ক্ষমতাসীন দলের এ সংগঠনটি। এতে স্থগিত হয়েছে ১৭ বিভাগের ২১ পরীক্ষা।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, তুচ্ছ কারণে হাতাহাতি ও মারামারির ঘটনাগুলো নেতা-কর্মীরা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করে নেন৷ তবে এখন তাঁরা বিষয়গুলো গুরুত্ব আমলে নিয়েছেন৷ এখন থেকে এ বিষয়ে তাঁরা আরও কঠোর অবস্থান নেবেন।
তবে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক দাবি করেন, বগিভিত্তিক সংগঠনের ( উপপক্ষে) কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে৷ তাঁরা ছাত্রলীগের বাইরে অন্য কোনো বগির নাম ব্যবহার না করা, চিকা না মারা ইত্যাদির কথা নেতা-কর্মীদের বলেছেন৷
কর্তৃপক্ষকেও চিকা মুছে দেওয়ার কথা বলেছেন৷ দ্রুত তাঁরা এসব সংঘর্ষের ঘটনা নিয়ন্ত্রণে আনবেন৷
ব্যবস্থা নেই কর্তৃপক্ষের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নিতে পারেনি কর্তৃপক্ষ। ২০১৯ সালের ১৪ জুলাই রেজাউল হককে সভাপতি ও ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যর কমিটি করে কর্তৃপক্ষ। এর পর থেকে শাখা ছাত্রলীগের বিভিন্ন উপপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে অন্তত ১৬০ বার। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৫ বার তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ৷ এর মধ্যে প্রতিবেদন জমা দিয়েছে মাত্র দুটি৷
ওই দুই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রলীগের ১২ কর্মীকে ছয়মাস থেকে একবছর মেয়াদে বহিষ্কার করে। অবশ্য বহিষ্কার করার পরে মানবিক দিক বিবেচনায় সাতজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। বেশির ভাগ ক্ষেত্রে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় জড়িত কাউকে চিহ্নিত করতে পারেনি কমিটি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, সংঘর্ষের বেশির ভাগ ঘটনা তাঁরা এখনো তদন্ত করছেন৷ বিনা অপরাধে যেন কেউ শাস্তি না পায়, এ দিকগুলো মাথায় রেখে কাজ করার জন্যই শাস্তি দিতে বিলম্ব হচ্ছে৷ তা ছাড়া অনেকেই সংঘর্ষের ঘটনায় ক্ষমা চেয়েছেন, ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপে জড়াবেন না মর্মে অঙ্গীকার দিয়েছিলেন। এসব দিক বিবেচনায় ক্ষমা করা হয়েছে।
ছাত্রলীগের এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছেন শিক্ষক সমিতির সাবেক সভাপতি এমদাদুল হক৷ তিনি বলেন, আবাসিক হলের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের হাতে নেই।
পাঁচ বছর ধরে আসন বরাদ্দ দেওয়া বন্ধ। হলগুলো ছাত্রলীগের নেতা-কর্মীদের দখলে৷ এসব কারণে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এসব বিষয়ে জোরালো ভূমিকা নিতে পারছেন না৷ হলগুলো কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নিলে এ ধরনের সংঘর্ষের ঘটনা কমে আসবে৷