
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আজ রোববার এক বিবৃতিতে তিনি এ নিন্দা জানান।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গতকাল শনিবার সকালে ইরানে হামলা শুরু করে। এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। হামলার জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরান।
ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিম বলেন, ইরান একটি স্বাধীন-সার্বভৌম দেশ। সেই দেশের প্রধান নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিজ বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলায় হত্যা করা প্রতিষ্ঠিত বিশ্বব্যবস্থার প্রতি স্পষ্ট উপেক্ষা ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রেজাউল করিম বলেন, মার্কিন-ইসরাইলি এই বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যকে অগ্নিগর্ভে পরিণত করবে এবং এর অভিঘাত বিশ্বের সবাকেই স্পর্শ করবে। তাই এই সংঘাত বন্ধ করতেই হবে।
বিবৃতিতে শোকাহত ইরানের জনতার প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।