ঢাবির বিএনপিপন্থী শিক্ষকদের প্রতিবাদী মৌন অবস্থান

অপরাজেয় বাংলার পাদদেশে ঢাবির বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের মৌন অবস্থান কর্মসূচি
 ছবি: সাজিদ হোসেন

প্রতিবাদী মৌন অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচি পালন করা হয়।

গতকাল বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে একজন নিহত হন। আহত হন বিএনপির অর্ধশত নেতা-কর্মী। পরে পুলিশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। অভিযানে কয়েক শ নেতা-কর্মীকে আটক করা হয়। এ ঘটনার প্রতিবাদ, নেতা-কর্মীদের মুক্তি ও ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশসহ গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের দাবিতে মৌন অবস্থান কর্মসূচি পালন করে সাদা দল।

আজ বেলা ১১টা ৫৫ মিনিটে মৌন অবস্থান কর্মসূচি শুরু করেন বিএনপিপন্থী শিক্ষকেরা। কর্মসূচিতে সাদা দলের আহ্বায়ক মো. লুৎফর রহমান, সাবেক আহ্বায়ক এ বি এম ওবায়দুল ইসলাম, নেতা মামুন আহমেদ, আল-আমিন, আবুল কালাম সরকারসহ ৩০ জনের বেশি শিক্ষক অংশ নেন।

১৫ মিনিট মৌন অবস্থানের পর দুপুর ১২টা ১০ মিনিটে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করেন লুৎফর রহমান। এ সময় তিনি বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল যে ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে আমরা সাদা দলের শিক্ষকেরা এখানে এসে দাঁড়িয়েছি। গতকালের ঘটনার আমরা তীব্র নিন্দা, ক্ষোভ জানাই। একজন মারা গেছেন, সে জন্য আমরা নিন্দা জানাই। আমরা দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করি। নিশ্চয়ই সরকার তদন্ত কমিটি গঠন করে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনবে বলে আমরা প্রত্যাশা করি।’

লুৎফর রহমান বলেন, বিরোধী দলের যেকোনো কর্মসূচিতে গণতান্ত্রিক আচরণ করা হবে, এটি তাঁদের প্রত্যাশা। আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে বলে তাঁরা আশা করেন। এই প্রক্রিয়ায় সরকার গণতান্ত্রিক আচরণ করবে, সহযোগিতা করবে, সবার অংশগ্রহণে সমাবেশ সফল হবে বলে তাঁরা প্রত্যাশা করছেন।

সাদা দলের এই কর্মসূচির আগে সকালে অপরাজেয় বাংলার সামনে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে বিএনপির আন্দোলনের সময়ের সহিংসতার কিছু ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীর আয়োজক কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা ও ডাকসুর সাবেক সদস্য তানভীর হাসান। প্রদর্শনীর ছবির বিপরীত দিকে সাদা দল কর্মসূচি পালন করে।

আজ সকাল থেকেই ঢাবি ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁরা ক্যাম্পাসে মোটরসাইকেলের শোভাযাত্রা করেছেন। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা ‘ছাত্রদলের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’ বলে স্লোগান দেন।