যুব ইউনিয়নের নেতৃত্বে আসাদুজ্জামান–জাহাঙ্গীর

আসাদুজ্জামান ও জাহাঙ্গীর আলম
ছবি: সংগৃহীত

খান আসাদুজ্জামানকে সভাপতি ও জাহাঙ্গীর আলমকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ যুব ইউনিয়ন। গত শনিবার রাতে রাজধানীর বিএমএ মিলনায়তনে সংগঠনের জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশনে এ কমিটি নির্বাচিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত শুক্রবার রাজধানীর শাহবাগে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি ও শ্রমিকনেতা সহিদুল্লাহ চৌধুরী। দ্বাদশ কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে কর্মসংস্থান ও ভোটাধিকার, নিত্যপণ্যের দাম কমানো, পাচারের টাকা ফেরত, বৈষম্য ও দুর্নীতি দূর করা এবং দুঃশাসন হটানোর দাবিতে যুবকদের গণসংগ্রাম গড়ে তোলার আহ্বান জানানো হয়।

কাউন্সিলে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সর্বশেষ জনশুমারির তথ্যানুযায়ী দেশে এখন পাঁচ কোটি যুবক রয়েছে। এর মধ্যে গড়ে তিনজনের মধ্যে একজন বেকার। বাংলাদেশে কর্মের নিশ্চয়তা দিয়ে একটি আইন প্রণয়ন করা এখন সময়ের দাবি।