তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য দেন। ঢাকা, ১০ ডিসেম্বর
তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক স্মরণসভায় বক্তব্য দেন। ঢাকা, ১০ ডিসেম্বর

মানবাধিকার লঙ্ঘনকারীরা প্রেসক্রিপশন দেয়, এটিই দুর্ভাগ্য: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, চরম মানবাধিকার লঙ্ঘনকারীরাই বেশি বেশি মানবাধিকারের কথা বলে, নানা প্রেসক্রিপশন দেয়।

চিটাগাং জার্নালিস্ট ফোরাম ঢাকার (সিজেএফডি) আয়োজিত জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও সিজেএফডির সাবেক দুই প্রয়াত সভাপতি এম ওয়াহিদ উল্লাহ এবং শীলব্রত বড়ুয়ার স্মরণসভায় বিশ্ব মানবাধিকার দিবস প্রসঙ্গে মন্ত্রী এ কথা বলেন। রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাবে আজ রোববার সন্ধ্যায় ওই স্মরণসভার আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘আজ বিশ্ব মানবাধিকার দিবস। এখন দেখা যাচ্ছে, যারা মানবাধিকার লঙ্ঘন করে, তারা মানবাধিকার নিয়ে বেশি কথা বলা শুরু করেছে। দেশে আগুন–সন্ত্রাস চালিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা এবং অবরোধ ডেকে দিনের পর দিন মানুষকে যারা অবরুদ্ধ করে রাখতে চায়, মানুষ তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যখন স্বাভাবিক কাজকর্ম চালায়, তখন চোরাগোপ্তা হামলা চালিয়ে মানুষের অধিকার হরণ করে; মানবাধিকার হরণ করে তারা আবার প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে মানবাধিকারের কথা বলে। এটিই আমাদের জন্য দুর্ভাগ্য।’

তথ্যমন্ত্রী বলেন, বিশ্ব প্রেক্ষাপটেও চরম মানবাধিকার হরণকারীদের পক্ষে যারা অবস্থান নেয়, তারা এখন মানবাধিকারের প্রেসক্রিপশন (পরামর্শ) দেয়। এটিই হচ্ছে পৃথিবী ও মানবসভ্যতার জন্য দুর্ভাগ্য। তিনি বলেন, ‘ফিলিস্তিনে চরম মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, পাখি শিকার করার মতো করে তারা মানুষ শিকার করছে, নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে, ১৮ হাজার নিহত মানুষের মধ্যে ১৩ হাজার নারী ও শিশু। সেখানে হত্যা বন্ধের বিপক্ষে যারা কথা বলে, সেখানে হত্যাযজ্ঞ চালানোর জন্য যারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে, তারাই আবার বিশ্বব্যাপী মানবাধিকারের প্রেসক্রিপশন দেয়।’

প্রয়াত সাংবাদিক এম ওয়াহিদ উল্লাহ ও শীলব্রত বড়ুয়া সাংবাদিক সমাজের উজ্জ্বল মুখ ছিলেন বলে উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, তাঁরা সাংবাদিক হিসেবে লোভ-লালসার ঊর্ধ্বে থেকে পেশাগতভাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে গেছেন।

একটি রাষ্ট্রের বিকাশের জন্য ভালো সাংবাদিকতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, অনেক সময় রাষ্ট্র পথ হারিয়ে ফেলে। একজন সাংবাদিক কিন্তু রাষ্ট্র যাতে সঠিক পথে থাকে—সে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

গত ১৫ বছরে গণমাধ্যমের ব্যাপক বিস্তৃতির সঙ্গে সঙ্গে এই পেশা এবং গণমাধ্যমে অনেক চ্যালেঞ্জ যুক্ত হয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ভুঁইফোড় অনলাইনের সাংবাদিক, মোবাইল সাংবাদিক—এ ধরনের নানা বিষয় যুক্ত হয়েছে। এতে দেখা যাচ্ছে যে আসলে কে সাংবাদিক আর কে সাংবাদিক নয়; এই পার্থক্যের সীমারেখাটা জনগণ টানতে পারে না। তিনি বলেন, ‘এ জন্য এখানে শৃঙ্খলা আনা প্রয়োজন বলে আমি মনে করি। এ নিয়ে কাজ শুরু হয়েছে।’

সিজেএফডির সভাপতি মামুন আবদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদুর রহমানের সঞ্চালনায় দুই প্রয়াত সাংবাদিকের জীবনের ওপর আলোকপাত করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সিজেএফডির প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শাহিন উল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন প্রমুখ।