প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘শেখ হাসিনা জন্মোৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘শেখ হাসিনা জন্মোৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

শেখ হাসিনা নারী অগ্রগতির প্রতীক: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, উন্নয়ন-অগ্রগতির প্রতীক। বিশ্ব প্রেক্ষাপটে নারী জাগরণ ও নারী অগ্রগতিরও প্রতীক তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘শেখ হাসিনা জন্মোৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে হাছান মাহমুদ এ কথা বলেন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে এ অনুষ্ঠান হয়। আলোচনা সভা ও শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করে হাসুমণি’র পাঠশালা। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের সব ক্ষেত্রে যে উন্নয়ন-অগ্রগতি, সেটা সম্ভব হয়েছে বঙ্গবন্ধুকন্যার জাদুকরী নেতৃত্বের কারণে। যারা বলে পাকিস্তানই ভালো ছিল, তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই।’

জন্মদিনে শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘১৯৮১ সালের ১৭ মে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে দেশে পদার্পণ করেছিলেন। তখন আমি ছাত্রলীগের কলেজ শাখার সাধারণ সম্পাদক। সেদিন অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল। তখন আমরা স্লোগান ধরেছিলাম—ঝড় বৃষ্টি আঁধার রাতে, শেখ হাসিনা আমরা আছি তোমার সাথে। সেদিন প্রকৃতি যেন জননেত্রী শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর রক্তে ভেজা মাটিতে পেয়ে বৃষ্টির অঝোর ধারায় আনন্দে স্লোগান দিচ্ছিল।’

তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ১৯ বার হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। কিন্তু বারবার মৃত্যু উপত্যকা থেকে ফিরে এসে তিনি বিচলিত হননি, দ্বিধান্বিত হননি, থমকে দাঁড়াননি। বরং আরও দীপ্ত পদভারে, আরও প্রত্যয় নিয়ে এ দেশের মানুষের সংগ্রামের কাফেলাকে নিয়ে এগিয়েছেন।’ তিনি বলেন, ‘এ দেশের গণতন্ত্র ফিরে এসেছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই। নব্বইয়ের যে আন্দোলনের মাধ্যমে এরশাদ সরকারের পতন ঘটে, সেই আন্দোলনের নেতৃত্বও দিয়েছেন শেখ হাসিনা।’

হাছান মাহমুদ বলেন, ‘আজকে আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়ার বদলে যাওয়ার গল্প শুনি। জননেত্রী শেখ হাসিনা যদি অব্যাহতভাবে দেশ পরিচালনার দায়িত্বে থাকেন, জনগণ যদি সেই সুযোগ দেয়, তাহলে পাঁচ-সাত বছর পর পৃথিবীর মানুষ বাংলাদেশের বদলে যাওয়ার গল্প শুনবে। জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে আরও বহু বছর থাকুন, এই দেশকে নেতৃত্ব দিয়ে যান, তাঁর নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তবায়ন হোক, এটিই আমাদের প্রত্যাশা।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আজকে পাকিস্তান আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে যে বাংলাদেশ তাদেরকে পেছনে ফেলে বহু দূর এগিয়ে গেছে। আর অন্যদিকে বিএনপির মহাসচিব বলেন যে পাকিস্তান ভালো ছিল। যারা বলে পাকিস্তান ভালো ছিল, তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না, থাকা উচিত নয়।’

হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতির জন্য নিজেদের রাজনৈতিক অস্তিত্ব সংকটের মধ্যে পড়েছে বলে বিএনপি মনে করে। তিনি বলেন, ‘বিএনপি তাদের রাজনীতি ও ভবিষ্যৎ হুমকির মুখে অনুধাবন করতে পেরেছে। সে কারণে তারা আজকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা দেখেছি, সমাবেশের নামে গতকাল হাজারীবাগে সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে। দেশ টিভির সাংবাদিক দেলোয়ারকে বেধড়ক মেরেছে। আরও অনেক সাংবাদিককে নাজেহাল করেছে। আমি তথ্যমন্ত্রী হিসেবে এর তীব্র নিন্দা জানাচ্ছি।’

হাসুমণি’র পাঠশালার সভাপতি মারুফা আক্তার পপির সভাপতিত্বে ‘প্রস্ফুটিত পুষ্পের রঙ্গিন উচ্ছ্বাস’ শিরোনামে উদ্বোধনী পর্ব হয়। গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সচিব নাজমা আক্তার বিপ্লবী অনুষ্ঠানে বক্তব্য দেন। এর আগে শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. আতিকুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান জুনায়েদ হালিম, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার।