
বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিত নাশকতা সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে গণতন্ত্র মঞ্চ। বুধবার রাতে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সরকার ও সরকারি দল বিএনপিসহ আন্দোলনরত বিরোধী দলগুলোর ওপর নিপীড়নের মাত্রা বাড়ানোর নতুন ছক কষছে বলে আশঙ্কা করা হচ্ছে। গত ২৮ অক্টোবরের মতো বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে পরিকল্পিত নাশকতা ঘটানোর পরিকল্পনার কথাও শোনা যাচ্ছে। বিরোধী দলের অবরোধ কর্মসূচির মধ্যেই এসব নাশকতা সৃষ্টির আলামত দেখা যাচ্ছে। এসব অপতৎপরতার লক্ষ্য হচ্ছে, বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ রাজনৈতিক আন্দোলনকে নাশকতা হিসেবে তুলে ধরা এবং রাজনৈতিক বিরোধীদের দমনে নতুন অজুহাত তৈরি করা।
গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এসব অপতৎপরতার বিরুদ্ধে সতর্ক থেকে জনগণকে সম্পৃক্ত করে শান্তিপূর্ণভাবে আন্দোলনের কর্মসূচি এগিয়ে নিতে আন্দোলনরত নেতা–কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সরকার ও সরকারি দলের কোনো উসকানিতে পা না দিতেও দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।