জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী

সমাজতান্ত্রিক নীতিতে সংকট মোকাবিলা সম্ভব: ইনু

জাসদ সভাপতি হাসানুল হক ইনু
ফাইল ছবি

সমাজতান্ত্রিক নীতিতে রাষ্ট্র পরিচালনা করে ২০২৩ সালের সব সংকটের আশঙ্কা মোকাবিলা করা সম্ভব বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

জাসদের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন বলে দলটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক বলেন, বৈশ্বিক, ডলার, নিত্যপণ্যের বাজার ও বিদ্যুতের সংকট মোকাবিলা সম্ভব। দুর্নীতি, লুটপাট, অপচয়, ভোগ ও বিলাস কঠোরভাবে দমন করে সমাজতান্ত্রিক নীতি গ্রহণ করলেই সংকট মোকাবিলা এবং জীবন-জীবিকার ভারসাম্য রক্ষা করা যাবে। এ ক্ষেত্রে করোনা মহামারির সংকট মোকাবিলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে অর্থনীতিতে রাষ্ট্রের ভূমিকা জোরদার করতে হবে।

বিএনপি-জামায়াতের আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, তাদের (বিএনপি-জামায়াত) কাছে সংকট মোকাবিলার কোনো প্রস্তাব নেই। তারা মানুষের দুঃখ-কষ্টকে পুঁজি করে ক্ষমতা দখলের অমানবিক অপরাজনীতি করছে। এ সময় তিনি জাসদের সর্বস্তরের নেতা-কর্মীদের দুর্নীতি ও বৈষম্য অবসানে সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

জাসদের ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে আজ শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। সভা শেষে একটি শোভাযাত্রা উত্তরার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

ঢাকা মহানগর উত্তর জাসদের সভাপতি সফিউদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার, ঢাকা মহানগরের সমন্বয়ক মীর হোসাইন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি নুরুন্নবী, জাতীয় যুব জোটের সাধারণ সম্পাদক শরিফুল কবির, কোষাধ্যক্ষ মনির হোসেন প্রমুখ।