
রাজধানীর নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। কাকরাইলের নাইটিঙ্গেল মোড় এলাকায় সাঁজোয়া যানও রাখা হয়েছে। আর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটকে এখনো তালা ঝুলছে। আজ শনিবার বিকেলে সরেজমিনে এমন চিত্র দেখা গেছে।
নয়াপল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও সাঁজোয়া যান রাখার বিষয়ে জানতে চাইলে মতিঝিল জোনের পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন পর বিএনপি প্রকাশ্যে কর্মসূচি ঘোষণা করেছে। যেকোনো রাজনৈতিক কর্মসূচি থাকলে পুলিশের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করা হয়। এরই অংশ হিসেবে নয়াপল্টন ও কাকরাইল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘাতের পর থেকে ৪৪ দিন ধরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলছে। আজ বেলা সাড়ে তিনটার দিকে সেখানে গিয়ে দেখা যায়, মূল ফটকে এখনো তালা ঝুলছে। মূল ফটকের ভেতরে প্লাস্টিকের একটি চেয়ারে কয়েকটি চিঠি পড়ে আছে। এসব চিঠির ওপর ধুলার আস্তরণ পড়েছে। কার্যালয়ের সামনে পুলিশের কয়েকজন সদস্য দাঁড়িয়ে আছেন। কার্যালয়ের পাশের গলিতে পুলিশের কিছু সদস্য বসে বিশ্রাম নিচ্ছেন।
এরপর কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে এসে দেখা গেল সেখানেও বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছেন। ওই মোড়ে পুলিশের দুটি সাঁজোয়া যান রাখা হয়েছে।
বিএনপি দাবি করে আসছে, পুলিশ তাদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, বিএনপির নেতারাই মূল ফটকে তালা দিয়ে কার্যালয় থেকে বেরিয়ে গেছেন।
এদিকে দীর্ঘদিন পর বিএনপি প্রকাশ্য কর্মসূচি পালন করলেও আজ দলের নেতা-কর্মীদের কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে যেতে দেখা যায়নি। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে দলটি মানববন্ধন করেছে।