বাধাবিপত্তির পরও ঐতিহাসিক সমাবেশ হয়েছে: জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী বলেছে, এত বাধাবিপত্তির পরও জামায়াতে ইসলামী গতকাল শনিবার ঢাকায় ঐতিহাসিক এক সমাবেশ করেছে। দলটি ‘জনগণের অধিকার’ ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

আজ রোববার হরতালের সমর্থনে নিজেদের মিছিল–সমাবেশে কথা তুলে ধরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশ হামলা চালিয়েছে উল্লেখ করে নিন্দা জানানো হয়। এ ছাড়া গ্রেপ্তার নেতা–কর্মীদের মুক্তির দাবি করা হয়।

রাজধানীর সবুজবাগে হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশে অংশ নিয়ে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সচিব শফিকুল ইসলাম বলেন, দেশে ১৫ বছর ধরে আওয়ামী সরকারের দুঃশাসন চলছে। তারা বাংলাদেশকে একটি ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নিজেরা বাঁচার জন্য দেশের ১৮ কোটি মানুষকে বিপদে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ক্ষমতাসীনেরা।

জামায়াত জানিয়েছে, তাদের নেতা–কর্মীরা রাজধানীর বাসাবো, জুরাইন রেলগেটে, খিলগাঁও, ডেমরা ও যাত্রাবাড়ী এলাকায় হরতালের সমর্থনে মিছিল ও পিকেটিং করেছেন।