বিরোধীদের এক দফা আন্দোলন কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে আমার বাংলাদেশ (এবি) পার্টি
বিরোধীদের এক দফা আন্দোলন কর্মসূচিতে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে আমার বাংলাদেশ (এবি) পার্টি

বিরোধীদের ওপর হামলার প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ মিছিল

বিরোধী রাজনৈতিক দলগুলোর এক দফা আন্দোলন কর্মসূচিতে ছাত্রলীগ ও পুলিশের হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। আজ সোমবার সকালে বিজয়নগর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে বিভিন্ন সড়ক ঘুরে শ্রম ভবন চত্বরে পথসভা করে দলটি।

এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন দলটির সদস্যসচিব মজিবুর রহমান (মঞ্জু) ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বি এম নাজমূল হক।

মজিবুর রহমান বলেন, মার্কিন ভিসা নীতি ঘোষণার পর পুলিশের ‘দলীয় ক্যাডাররা’ কিছুটা গুটিয়ে যায়। এরপর সরকার ছাত্রলীগ ও যুবলীগের মাধ্যমে পাল্টা সমাবেশ-কর্মসূচি দিয়ে বিরোধীদের মোকাবিলার ঘোষণা দেয়। কিন্তু গত এক মাসে প্রতিটি সভা–সমাবেশ ব্যর্থ হওয়ায় দিশাহারা হয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও ‘পুলিশ লীগ’ যৌথভাবে হামলা শুরু করেছে।

এবি পার্টির বিক্ষোভ মিছিল ও পথসভায় আরও উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন, জ্যেষ্ঠ সহকারী সদস্যসচিব আনোয়ার সাদাত, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেইন প্রমুখ।