
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের পাকিস্তান সফর এবং সেখানে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতিত মা-বোনের আত্মত্যাগ ভুলে যেতে বলার অধিকার কারও নেই—এ কথা উল্লেখ করে স্পিকারকে জাতীয় সংসদে ব্যাখ্যা দিয়ে তাঁর বক্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়েছে বামপন্থী এই দল।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেছেন সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। তাঁরা বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশের জাতীয় সংসদের অভিভাবক হয়ে পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসকে খণ্ডিত করা এবং একাত্তরে সংঘটিত ইতিহাসের বর্বরতম গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার ও ক্ষমা চাওয়ার প্রশ্নকে আড়াল করা জাতির জন্য চরম অবমাননাকর।’
সিপিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসলামাবাদে স্পিকার বলেছেন, ১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, পাকিস্তানকে দুর্বল করেছে। করাচির সিন্ধু অ্যাসেম্বলিতে তিনি বলেছেন, আমরা অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর সিদ্ধান্ত নিয়েছি। সিপিবির প্রশ্ন, এই সিদ্ধান্ত কে নিল, কোথায় নিল, কার স্বার্থে অতীতকে ভুলতে হবে? বাংলাদেশের জনগণ কিংবা জাতীয় সংসদ কখনো এমন সিদ্ধান্ত নেয়নি। ৩০ লাখ শহীদ আর ২ লাখ নির্যাতিত মা-বোনের আত্মত্যাগ ভুলে যেতে বলার অধিকার কারও নেই।’
পাকিস্তান আজও ১৯৭১ সালের গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চায়নি উল্লেখ করে সিপিবি বলেছে, এ বছরের মার্চেও পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর ১৯৭১ সালকে জটিল ও নানা ব্যাখ্যার বিষয় বলেছে। সম্পদের ন্যায্য হিস্যা এবং আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের প্রশ্নও এখনো অমীমাংসিত। এসব প্রশ্ন না তুলে চিরকাল ‘ভাই’ থাকার ঘোষণা দেওয়া এবং স্পিকারের নেতৃত্বে প্রতিনিধিদলের অনেক কার্যক্রম শহীদদের প্রতি চরম অবমাননা বলে মন্তব্য করেছে দলটি।
বিবৃতিতে সিপিবি বলেছে, স্পিকার কোনো দলের মুখপাত্র নন, তিনি সংসদের অভিভাবক। বিদেশের মাটিতে দলীয় ও সাম্প্রদায়িক ভাষায় কথা বলা এবং আরেক দেশের বিরুদ্ধে পক্ষ নেওয়া তাঁর পদের মর্যাদার সঙ্গে সংগতিপূর্ণ নয়। স্পিকারকে জাতীয় সংসদে ব্যাখ্যা দিয়ে তাঁর বক্তব্য প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে পাকিস্তানের কাছে গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, সম্পদের হিস্যা আদায় এবং আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনের দাবি রাষ্ট্রীয়ভাবে উত্থাপন করতে হবে।
সিপিবির বিবৃতিতে বলা হয়েছে, স্পিকারের সফরকালে পাকিস্তানের প্রেসিডেন্ট বাংলাদেশকে প্রতিরক্ষা সহযোগিতার প্রস্তাব দিয়েছেন এবং প্রায় ২৬টি সমঝোতা স্মারক চূড়ান্ত করার কথা বলেছেন। একই সময়ে ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা সামরিক জোটের বৈঠক হয়েছে, যে জোটে যোগ দেওয়ার বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে। সংবিধানের জোটনিরপেক্ষ পররাষ্ট্রনীতি লঙ্ঘন করে দেশকে কোনো সামরিক বলয়ে জড়ানো চলবে না বলে মন্তব্য করেছে দলটি। বিবৃতিতে আরও বলা হয়, আলোচনাধীন সব সমঝোতা স্মারক জনসমক্ষে প্রকাশ করতে হবে এবং প্রতিরক্ষা-সংক্রান্ত যেকোনো সিদ্ধান্তের আগে জাতীয় সংসদে প্রকাশ্য আলোচনা করতে হবে।