
দল পরিবর্তনে সম্মতি আদায়ের জন্য কারাবন্দী গণন্ত্রকামী রাজনীতিবিদদের ওপর জুলুম করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তা ছাড়া তরুণ নেতা-কর্মীদের রিমান্ডে নিয়ে নির্যাতন করে মিথ্যা সাক্ষ্য আদায়ের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার বিকেলে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপির নেতা-কর্মীদের নিপীড়ন, নির্যাতন, হেনস্তা ও হেয় করেও তাঁদের পরাস্ত করতে না পেরে উৎপীড়নের পথ অবলম্বন করা হচ্ছে।
বিএনপির এই নেতা বলেন, সরকার আইনপ্রয়োগকারী র্যাব ও পুলিশকে ব্যবহার করে রাজনৈতিক দলের নীতিনৈতিকতা অধঃপতনের দিকে ঠেলে দেওয়ার এক সুগভীর নীল নকশা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, সরকার অর্থনৈতিক খাত ধ্বংসের পর এবার তাদের কুনজর পড়েছে বৈদেশিক মুদ্রা আয়ের সবচেয়ে বড় খাত পোশাকশিল্পের দিকে। সরকার অত্যন্ত সুকৌশলে পোশাকশিল্প ধ্বংসের নীল নকশা বাস্তবায়ন করছে।
প্রতিবেশী দেশের স্বার্থে এই সর্ববৃহৎ শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়া হয়েছে, এমন অভিযোগ তুলে রুহুল কবির রিজভী বলেন, ‘শ্রম অধিকার সুরক্ষায় যুক্তরাষ্ট্র নতুন শ্রমনীতি ঘোষণার পর বাংলাদেশের পোশাকশিল্পের ওপর নিষেধাজ্ঞা প্রায় অবধারিত বলে আশঙ্কা করছেন মালিকেরা। গতকাল পোশাক খাতে আতঙ্কের বিষয়টি মালিকদের সংগঠন বিজেএমইএ সভাপতি ফারুক হাসানের কথাতেই স্পষ্ট হয়েছে।’
সর্বশেষ ২৪ ঘণ্টায় আটক বিএনপি নেতা–কর্মীদের একটা হিসাবও দেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪১৫ জনের বেশি নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে মামলা দেওয়া হয়েছে ১৯টি। মামলায় ২ হাজার ৪৫ জনের বেশি নেতা–কর্মীকে আসামি করা হয়েছে।