
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেছেন, বিএনপির সমাবেশ সরকার বন্ধ করতে পারবে না। মানুষ জেগে উঠেছে। অচিরেই এই স্বৈরাচারী সরকারের পতন হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনের মাঠে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের হামলা, হত্যা, গ্রেপ্তার ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ নগর বিএনপি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
শাহাদাত হোসেন বলেন, আজকেও বৈধ অফিসে (নয়াপল্টনে বিএনপির কার্যালয় ) এই আওয়ামী বাহিনী ঢুকতে দিচ্ছে না। এই ফ্যাসিবাদীর বিরুদ্ধে আমাদের জেগে উঠতে হবে। যে কম৴সূচি ঘোষণা করা হয়েছে, সেটি ঢাকার বুকে যেকোনো জায়গায় হবে। এটি আমাদের গণতান্ত্রিক অধিকার।
শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, ৪ ডিসেম্বর চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ডে আওয়ামী লীগের সমাবেশ হয়। সেখানে দলের সভানেত্রী বলেন, মানুষ খুন, ভোট চুরি নাকি বিএনপির গুণ। কিন্তু এগুলো আওয়ামী লীগের বড় গুণ। তার প্রমাণ ঢাকার নয়াপল্টন। বিএনপির ওপর হামলা ও পুলিশি নির্যাতন চালিয়ে তারা তা প্রমাণ করেছে। পার্টি অফিসের সামনে নেতা–কর্মীরা থাকবে, সেটি তো স্বাভাবিক। কিন্তু পার্টি অফিসের সামনে যেভাবে সন্ত্রাসীরা হামলা করল, তা নজিরবিহীন।
নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম একই সমাবেশে বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলি করার নির্দেশ দিয়ে এবং ক্ষমতাসীন দলের লোকজনের হাতের অস্ত্র তুলে দিয়েছে সরকার।
বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, ইয়াসিন চৌধুরী, আবদুল মান্নান প্রমুখ।
এদিকে বিক্ষোভ সমাবেশকে ঘিরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ও এর আশপাশে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন ছিল। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
গতকাল বুধবার নগরের কোতোয়ালি থানার আলমাস সিনেমা হলের সামনের সড়কে পিকআপ ভ্যানে আগুন এবং দুটি প্রাইভেট কারে ইটপাটকেল ছোড়ার ঘটনায় গতকাল রাতেই মামলা হয়। ক্ষতিগ্রস্ত এক গাড়ির মালিক কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলমসহ ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়। আজ বৃহস্পতিবার বিকেলে নগরের কাজীর দেউড়ি থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহসভাপতি ইরফানুল করিম, নগর যুবদলের যুগ্ম আহবায়ক আরিফুর রহমান ও সদস্য নজরুল ইসলাম।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, ক্ষতিগ্রস্ত গাড়ির মালিকের করা মামলায় ভিডিও ফুটেজ দেখে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম দাবি করেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না। এরপরও তাকে আসামি করা হয়েছে। নতুন মামলাটিসহ তাঁর বিরুদ্ধে এখন মামলার সংখ্যা ৩৯।