
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নাও নিতে পারেন। বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। এই প্রেক্ষাপটে এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ না নেওয়ায় কথা ভাবছেন। তবে এ বিষয়ে তাঁরা এখনই চূড়ান্ত কিছু বলতে চান না।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে। অনুষ্ঠানে যাওয়ার জন্য দলটির নির্বাচিত ছয় সংসদ সদস্য ইতিমধ্যে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।
মনিরা শারমিন বলেন, বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে এনসিপির ছয় সংসদ সদস্য শপথ নাও নিতে পারেন।
নারায়ণগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত এনসিপির সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন আজ বেলা ১১টার দিকে প্রথম আলোকে বলেন, ‘বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় আমরা শপথ না নেওয়ার কথা ভাবছি। তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত কিছু বলতে চাইছি না।’