বিদ্যুৎ–বিভ্রাটের কারণে অনুষ্ঠান শুরু হতে দেরি হওয়ায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলামের কাছে ক্ষোভ প্রকাশ করছেন নাহিদ ইসলাম। মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৫ জুলাই ২০২৬
বিদ্যুৎ–বিভ্রাটের কারণে অনুষ্ঠান শুরু হতে দেরি হওয়ায় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলামের কাছে ক্ষোভ প্রকাশ করছেন নাহিদ ইসলাম। মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৫ জুলাই ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়

বিদ্যুৎ–বিভ্রাটে অনুষ্ঠান শুরু হতে দেরি, নাহিদ ইসলামের ক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিদ্যুৎ–বিভ্রাটের কারণে একটি আলোচনা সভা নির্ধারিত সময়ে শুরু করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ঘটনায় তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের পদত্যাগ দাবি করেন।

বুধবার বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে (অডিটোরিয়াম) অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তি ‘স্মরণগাথায় জুলাই: বিপ্লবের দিনগুলি’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে। তবে বিদ্যুৎ না থাকায় নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর বিকেল সাড়ে চারটার দিকে অনুষ্ঠানটি শুরু হয়।

অনুষ্ঠান শুরুর আগে বিদ্যুৎ–বিভ্রাট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম। এ সময় সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলামকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাকে আমরা সম্মান করি। কিন্তু আপনি এখন একটি প্রশাসনিক দায়িত্বে আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সক্রিয় ছাত্রসংগঠন এখানে কর্মসূচি করছে, অথচ দেড় ঘণ্টার বেশি সময় ধরে বিদ্যুৎ নেই। এটি অবশ্যই প্রশাসনের দায়িত্বের বিষয়।’

নাহিদ ইসলাম ডিনকে উদ্দেশ করে আরও বলেন, ‘আপনি ডিন থেকে পদত্যাগ করুন আজকের এই ঘটনার জন্য। পদত্যাগ করবেন কি না, এটা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বিদ্যুৎ থাকে না, আপনারা কেন দায়িত্বে আছেন?’

জবাবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, ‘সাড়ে তিন ঘণ্টা পর্যন্ত জেনারেটর চলেছে। পরে জেনারেটরও বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।’

বিদ্যুৎ–বিভ্রাট নিয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ব্যাখ্যা

এদিকে বিদ্যুৎ–বিভ্রাটের বিষয়ে রাত সোয়া আটটার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের পক্ষ থেকে একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। এতে বলা হয়, আজ ১৫ জুলাই সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে সকাল সাড়ে ১১টার দিকে হঠাৎ বিদ্যুৎ–বিভ্রাট দেখা দেয়। বিদ্যুৎ চলে যাওয়ার সঙ্গে সঙ্গে জেনারেটর স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। জেনারেটর প্রায় চার ঘণ্টা অবিরাম চলার পর হঠাৎ বন্ধ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে প্রকৌশল দপ্তরে যোগাযোগ করা হয়। পরে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও বিশ্ববিদ্যালয় প্রকৌশল দপ্তরের সমন্বয়ে বিদ্যুৎ–বিভ্রাট সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হয়েছে, যার কাজ চলমান রয়েছে।

হঠাৎ এই বিদ্যুৎ–বিভ্রাটের কারণে মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠান পরিচালনায় সাময়িক অসুবিধার জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে এই বিষয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তি না ছড়ানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে।