
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘মুক্তি বা মামলা প্রত্যাহারের দাবি মুখ্য নয়, সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে সরাতে হবে। এটি আমাদের মুখ্য দাবি হওয়া প্রয়োজন। এরপর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধির সমন্বয়ে নতুন সরকার গঠন করতে হবে।’
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশে গয়েশ্বর চন্দ্র এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের নেতা রুহুল কবির রিজভী আহমেদ, কৃষিবিদ শামীমুর রহমানসহ সব রাজবন্দীর মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়। এটির আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।
গয়েশ্বর চন্দ্র বলেন, ‘বর্তমান সরকার গণতান্ত্রিক নয়, তারা জনগণের কথা ভাবে না। সবাইকে বুঝতে হবে, এই সরকার জাতীয়তাবাদী নয়, দেশপ্রেমিক নয়। যে কারণে জনগণের কথা তোয়াক্কা করে না।’
সর্বশেষ জাতীয় নির্বাচনে অনিয়মের প্রসঙ্গ টেনে গয়েশ্বর চন্দ্র বলেন, ‘২০১৮ সালের নির্বাচনে প্রতিযোগিতা কত প্রকার ও কী কী দেখা গেছে; অর্থাৎ কে কত বেশি ভোট চুরি করতে পারে, সেটাই প্রতিযোগিতা! ভোট রক্ষার দায়িত্ব পুলিশ-প্রশাসনের, তাদের দিয়েই ভোট চুরি করায় সরকার।’
বিএনপির এই নেতা বলেন, ‘যাঁরা সরকারি চাকরি করেন, মনে রাখবেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। জনগণের টাকায় চলেন। দেশটা আমার বা আপনাদের একার নয়। আপনাদেরও সন্তান আছে। তাই দেশের কথা চিন্তা করে একাত্তরের মতো স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ান।’
পরিষদের আহ্বায়ক জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি শামসুল আলমসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কৃষিবিদ, ডাক্তার, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন পেশার বিশিষ্টজন।