সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপদেষ্টা জাহেদ উর রহমান
সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপদেষ্টা জাহেদ উর রহমান

‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় ‘রিফাইন্ড’ হোক বা অন্য কোনো নামে হোক, আওয়ামী লীগ কোনো কর্মসূচি পালন করতে পারবে না।

সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে আজ মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে উপদেষ্টা জাহেদ উর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘রিফাইন্ড আওয়ামী লীগের একটি আলাপ মাঝে মাঝে কোথা কোথাও দেখা যায়, সামাজিক মাধ্যমেও দেখা যায়। আওয়ামী লীগের কর্মসূচি যত দিন নিষিদ্ধ আছে, তত দিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো, নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ যাই বলি না কেন...আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না।’

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা থাকার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, অনেক মিডিয়া এই কাজটি করছে (শেখ হাসিনার বক্তব্য প্রচার)। তার মানে হচ্ছে তারা আদালতের নিষেধাজ্ঞা-নির্দেশনা মানছে না। এটা ফ্যাক্ট। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আহ্বান জানায় এবং আনুষ্ঠানিকভাবেও জানানো হবে, গণমাধ্যম যেন এই কাজটি না করে। সরকার খুব কঠোর কোনো অবস্থান নিচ্ছে তা নয়, কিন্তু এটা স্মরণ করিয়ে দিতে চায়। গণ্যমাধ্যমগুলো আইনের প্রতি শ্রদ্ধা দেখাবে বলেও প্রত্যাশা করেন উপদেষ্টা।

দ্রুত তথ্য কমিশন গঠন করা হবে বলে জানান জাহেদ উর রহমান।

তিস্তা মহাপরিকল্পনা, প্রধানমন্ত্রীর চীন সফরসহ সংবাদ সম্মেলনে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরেন তথ্য উপদেষ্টা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রিয়াসাত আল ওয়াসিফ।