রাজধানীর পল্টনে বৃহস্পতিবার সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় বাম গণতান্ত্রিক জোটের নেতারা
রাজধানীর পল্টনে বৃহস্পতিবার সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় বাম গণতান্ত্রিক জোটের নেতারা

কৃত্রিম সাফল্যের কথা প্রচার করা হচ্ছে: বাম গণতান্ত্রিক জোট

ইভিএম, নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশসহ নানা কিছু সামনে এনে নির্বাচনকালীন সরকারের বিষয়টি নির্বাচন কমিশন (ইসি) গৌণ করে ফেলতে চাচ্ছে বলে মনে করে বাম গণতান্ত্রিক জোট।

আজ বৃহস্পতিবার রাজধানীর পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে বাম জোটের আলোচনা সভায় নেতারা বলেন, গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের জন্য ইসি কার্যকর কোনো ব্যবস্থা নিচ্ছে না। নির্বাচনব্যবস্থার সংস্কার নিয়েও ইসির তৎপরতা নেই।

সভায় বাম জোটের নেতারা প্রধানমন্ত্রীর ভারত সফর জনগণের জন্য কী সুফল বয়ে এনেছে, তা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁরা বলেন, ভারত সফরের কৃত্রিম সাফল্য প্রচারের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতা, কৃষকের সার পেতে ভোগান্তিকে আড়াল করা যাবে না। তিস্তাসহ অভিন্ন নদীর পানিবণ্টন, বাণিজ্যঘাটতি দূর করা কিংবা সীমান্ত হত্যা বন্ধ নিয়ে ভারত সফরে কার্যকর আলোচনা হয়নি। তবে ভারতের বিদ্যুৎ কেনা, ট্রানজিট সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

সভায় বক্তব্য দেন বাম জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ, সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান প্রমুখ।