পদত্যাগ করুন, চিত্রপট ভিন্ন হবে: নির্বাচন কমিশনারদের উদ্দেশে নুরুল হক

সরকারের পদত্যাগের দাবিতে তৃতীয় দফা অবরোধ কর্মসূচির শেষ দিনে আজ বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টন, নাইটিংগেল মোড়, নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে ফকিরাপুল মোড় ও বিজয়নগর পানির ট্যাংক এলাকায় মিছিল করেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা
  ছবি: শুভ্র কান্তি দাশ

গত দুই নির্বাচনের মতো ভোটের আয়োজন করে এবারের নির্বাচন কমিশনারেরা পার পাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক। বর্তমান নির্বাচন কমিশনাদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আপনারা যদি পাতানো ছকে নির্বাচন করেন, আমরাও দেখে নেব আপনারা এ দেশের কোথায় থাকেন। দালালি ছেড়ে পদত্যাগ করুন, চিত্রপট ভিন্ন হবে।’

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংক এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন নুরুল হক। তৃতীয় দফা অবরোধ কর্মসূচির শেষ দিনে আজ পুরানা পল্টন, নাইটিংগেল মোড়, নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে দিয়ে ফকিরাপুল মোড় ও বিজয়নগর পানির ট্যাংক এলাকায় মিছিল করেন গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।

মিছিল শেষে বিজয়নগর পানির ট্যাংক এলাকায় সমাবেশে নুরুল হক বলেন, সরকার যেন জনগণের দাবির প্রতি কর্ণপাত করে অনতিবিলম্বে রাজনৈতিক সমঝোতা করে একটা সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটে। সরকার যদি সমঝোতার পথে না এসে তফসিল ঘোষণা করে, তাহলে আন্দোলন আরও তীব্র হবে।

গণঅধিকার পরিষদ শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করছে উল্লেখ করে নুরুল হক বলেন, আন্দোলন চলছে, চলবে।

সরকারের হুমকি-ধমকি উপেক্ষা করে রাজপথে থাকায় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে নুরুল হক বলেন, ‘এভাবে যদি আমরা রাজপথে থাকতে পারি, তাহলে এই সরকারের পতন অনিবার্য। আন্দোলন আরও তীব্র করতে হবে।’ গণতন্ত্রের স্বার্থে ও ভোটাধিকার প্রতিষ্ঠায় জনগণকে রাজপথে নামার আহ্বান জানান তিনি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নির্বাচন কমিশন জনগণের সাথে তামাশা শুরু করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ সংলাপে রাজি নয়। তারা আরেকটি ১০১৪ ও ২০১৮ মার্কা নির্বাচন করতে চায়। বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না।