
রাজধানীর নয়াপল্টনে গতকাল বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও দলটির নেতাদের দায়ী করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, গতকাল নয়াপল্টনে যে ঘটনা ঘটেছে, তার জন্য বিএনপি ও দলটির নেতারা দায়ী। তাঁরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন।
হাছান মাহমুদ বলেন, গতকালের (সংঘর্ষের ঘটনায়) একজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। পুলিশ ধারণা করছে, ককটেলের আঘাতে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
এ সময় বিএনপির কার্যালয় থেকে অবিস্ফোরিত ককটেল ও চালের বস্তা উদ্ধারের বিষয়টিও তুলে ধরেন তথ্যমন্ত্রী।
গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেওয়া নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত হন। নিহত ব্যক্তির নাম মকবুল আহমেদ বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ পুলিশ ৩০০ জনকে আটক করে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।