
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেছেন, ‘সরকার হটানো, টটানো বাদ দেন। আসেন ঠান্ডা মাথায়।বিশ্বাসযোগ্য নির্বাচন হবে।’ আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে এ কথা বলেছেন তিনি।
ঢাকায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ সকাল থেকে সমাবেশ করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। এতে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারা বক্তৃতা করেন। একই সময় ফার্মগেট ও শহীদ মিনারে দুটি সমাবেশ করে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। বিকেলে ভাটারায় ১০০ ফুট রাস্তার মুখে আরেকটি সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতেও ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা থাকছেন।
বিএনপি আজ ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে। পাল্টা হিসেবে আওয়ামী লীগ সমাবেশ করেছে ‘সন্ত্রাস ও নৈরাজ্যের’ প্রতিবাদে। এসব সমাবেশে আওয়ামী লীগের নেতারা একদিকে দলের নেতা-কর্মীদের বিরোধীদের দমনে প্রস্তুতি নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। আবার বিএনপিকে নির্বাচনের বিষয়ে আশ্বস্তও করার চেষ্টা করেছেন। তবে কয়েক মাস ধরে রাজপথে পাল্টাপাল্টি কর্মসূচি শিগগিরই থেমে যাবে বলে মনে করছেন না আওয়ামী লীগের নেতারা। দলটির দায়িত্বশীল সূত্র বলছে, পাল্টাপাল্টি কর্মসূচি চলতেই থাকবে। তবে এভাবে কত দিন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা যাবে—এই নিয়ে কিছুটা শঙ্কা আছে।
সমাবেশে ওবায়দুল কাদের বলেন, আমেরিকার সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বিশ্বাসযোগ্য নির্বাচন। দেশে এই প্রথম আইন করে নির্বাচন কমিশন (ইসি) হয়েছে। ত্রুটিমুক্ত অংশগ্রহণমূলক নির্বাচন করবে কমিশন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন প্রয়োগকারী সংস্থাসহ সবই থাকবে ইসির অধীনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অন্যান্য দেশের মতো রুটিন দায়িত্ব পালন করবে।
বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনে আসতে ভয় পাচ্ছেন কেন? জানি শেখ হাসিনার উন্নয়ন, অর্জন দেখে দেশের মানুষ খুশি কিন্তু আপনাদের (বিএনপির) মন খারাপ। নির্বাচনে এলে বিএনপি হেরে যাবে, এই ভয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাঝে মাঝে রেগে যান। হেরে গেলে রেগে যান।
আগেভাগে হারার আগে হারছেন কেন? আপনাদের যদি এতই জনপ্রিয়তা থাকে, সেই সক্ষমতা নির্বাচনে এসে দেখান। আমরা রেডি, আপনারা আসেন।’
পরক্ষণেই আবার রাজপথে জবাব দেওয়ার ইঙ্গিত করেন ওবায়দুল কাদের। দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা প্রস্তুত হয়ে যান। কাজ আছে সামনে।
বিশৃঙ্খলা ঘটানো, নাশকতার চেষ্টা হবে। মানুষের জানমাল নিয়ে খেললে খেলা হবে।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের হাসপাতালে ভর্তি হওয়ার বিষয়ে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, ‘আমিও অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছি বারবার। বিএনপির নেতারা অসুস্থ হলে হাসপাতালে যাবেন। এটা নিয়ে কটাক্ষ করার কিছু নেই। তবে অসুস্থ রাজনীতি করে অসুস্থ হলে অসুস্থ বিএনপিকেও হাসপাতালে যেতে হবে। তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে। গোটা দলটাই অসুস্থ হয়ে গেছে।’
ওবায়দুল কাদের বিএনপির মহাসচিবের উদ্দেশে বলেন, ‘ফখরুল সাহেব বলেন আমার কথার উত্তর তিনি দিতে চান না । তিনি নাকি দেন না। আমার কথার উত্তর দেওয়ার মতো সামর্থ্য, সত্য কথা বলার সাহস ফখরুলের নেই। আমি সত্য কথা বলি। আর ফখরুলরা মিথ্যাচার করে, বিষোদ্গার করে। এটাই হচ্ছে তাদের রাজনীতি।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ ও দীপু মনি প্রমুখ।