
বাংলাদেশের অগ্রগতি, সাফল্য, উন্নয়ন ও অর্জন যখন বিশ্বব্যাপী প্রশংসিত, তখন বিএনপি মহাসচিবের পাকিস্তান আমলের প্রশংসা করা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি মনে করেন, এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহীও।
আজ শুক্রবার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
এখনকার তুলনায় পাকিস্তান আমল ভালো ছিল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য রাষ্ট্রদ্রোহী বলে দাবি করে ওবায়দুল কাদের বলেন, এর মাধ্যমে বিএনপির চিরাচরিত বাংলাদেশবিরোধী অবস্থান ও স্বাধীনতাবিরোধী অপরাজনীতির গোপন অভিসন্ধির আবারও বহিঃপ্রকাশ ঘটেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিবৃতিতে আরও বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, প্রগতি ও দেশপ্রেমে বিশ্বাসী কোনো ব্যক্তি কিংবা সংগঠন এ ধরনের মহান মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী মন্তব্য করতে পারে না। বিএনপি নেতাদের এ ধরনের পাকিস্তানপ্রীতি বক্তব্য প্রমাণ করে, মহান স্বাধীনতাকে অস্বীকার করে তারা এখনো বাংলাদেশে পাকিস্তানি ধারার রাজনীতি প্রবর্তন করতে চায়।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, পাকিস্তান পার্লামেন্ট ও গণমাধ্যমে যখন বাংলাদেশের অগ্রসরমাণ অর্থনীতির উচ্ছ্বসিত প্রশংসা করা হচ্ছে, তখন বিএনপি মহাসচিব নির্লজ্জভাবে পাকিস্তানের দালালি করছেন। স্বাধীন বাংলাদেশে যাঁরা রাজনৈতিক ও পারিবারিকভাবে পাকিস্তানি দর্শনের রাজনীতিকে লালন করেন, তাঁরা স্বাধীনতার ৫০ বছর পর এখনো ‘পেয়ারে পাকিস্তান’ মন্ত্র জপছেন।
বিএনপি মহাসচিবের এ ধরনের বক্তব্য শুধু রাষ্ট্রদ্রোহিতার শামিলই নয়, ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানি বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।