পর্যবেক্ষক আসুক বা না আসুক, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বক্তব্য দেন। চট্টগ্রাম, ২২ সেপ্টেম্বর
ছবি: বাসস

বিদেশি পর্যবেক্ষক আসুক বা না আসুক, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

চট্টগ্রাম বন্দরনগরীর দেওয়ানজী পুকুর লেনে ওয়াইএনটি সেন্টারে সমসাময়িক বিষয় নিয়ে আজ শুক্রবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী। এ সময় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল পাঠানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচনটা হচ্ছে আমাদের। ইতিমধ্যে স্থানীয় সরকারসহ যেসব নির্বাচন হয়েছে, সেগুলো অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে। আমাদের নির্বাচন কেউ পর্যবেক্ষণ করল কি করল না, এতে কিছুই আসে যায় না। এটি নিয়ে বিএনপিকেও আর দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হবে না।’

ভারতে যখন নির্বাচন হয়, তখন বিদেশি পর্যবেক্ষকেরা সেখানে যান কি না, এমন প্রশ্ন রেখে হাছান মাহমুদ বলেন, ‘সেখানে এটি নিয়ে এত কথাবার্তাও হয় না। কিংবা ইউরোপের বিভিন্ন দেশে যখন নির্বাচন হয়, সেখানেও আমাদের দেশ থেকে কিংবা অন্য কোনো দেশ থেকে পর্যবেক্ষক যান না। শুধু আমাদের দেশেই কে নির্বাচন পর্যবেক্ষণ করলেন, কে করলেন না, এগুলো নিয়ে নানা মাতামাতি হয়।’ তিনি বলেন, ‘যদি বিদেশি পর্যবেক্ষকেরা আসেন, তাঁদের স্বাগত জানাই, না এলেও কোনো অসুবিধা নেই। ইতিমধ্যে আমাদের দেশে স্থানীয় সরকারসহ যেসব নির্বাচন হয়েছে, সেগুলো অত্যন্ত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে। আগামী নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এবং নির্বাচনে জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে ইনশা আল্লাহ।’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘ইইউ ছোট আকারের পর্যবেক্ষক দল পাঠাবে বলেছে। তাদের বাজেট স্বল্পতার কথাও তারা চিঠিতে উল্লেখ করেছে। ইইউর পর্যবেক্ষক যে আকারেই আসুক বা না আসুক, আমাদের দেশে ইলেকশন মনিটরিং ফোরাম আছে, সার্কভুক্ত বিভিন্ন দেশের পর্যবেক্ষকেরা নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবেন।’

বিএনপি হরতাল-অবরোধের মতো কঠিন কর্মসূচির জন্য তাদের নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে বলেছে, এ নিয়ে এক প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়া অবরোধের ডাক দিয়ে দেশের মানুষকে ১০০ দিন অবরুদ্ধ করে রেখেছিলেন। পেট্রলবোমা নিক্ষেপ করে শত শত মানুষ পুড়িয়েছিলেন, হাজার হাজার মানুষকে ঝলসে দিয়েছিলেন আগুনে। এ ধরনের নৃশংস ঘটনা বিএনপি আর করতে পারবে না, দেশের মানুষ করতে দেবে না। সেই অপচেষ্টা করলে দেশের মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।