নূরুল ইসলাম
নূরুল ইসলাম

সংবিধান সংশোধনে শিগগির কমিটি করা হবে: চিফ হুইপ

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বলেছেন, সংবিধান সংশোধনে শিগগির একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হবে। সেখানে আনুপাতিক হারে সব দলের প্রতিনিধি রাখতে চায় সরকারি দল।

আজ বুধবার জাতীয় সংসদের সংসদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান কমিটির সভাপতি ও চিফ হুইপ নূরুল ইসলাম। আগামী রোববারের মধ্যে কমিটি গঠনের বিষয়ে অগ্রগতি দেখা যেতে পারে বলেও তিনি জানিয়েছেন।

গত মঙ্গলবার জাতীয় সংসদে সংবিধান সংস্কারে ‘সংবিধান সংস্কার পরিষদের’ সভা আহ্বান প্রশ্নে একটি মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। সেখানে সরকারি দল সংবিধান সংশোধনে একটি সর্বদলীয় বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেয়। তবে এতে একমত হয়নি বিরোধী দল।

আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, তাঁরা বিশেষ কমিটিতে সরকারি দল ও বিরোধী দলের যে আইনবিশেষজ্ঞ আছেন, তাঁদের রাখতে চান। সব মিলিয়ে ১৫ থেকে ২০ সদস্যের কমিটি করতে চান তাঁরা।

জুলাই জাতীয় সনদের সংবিধান–সম্পর্কিত ৪৮টি সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন কীভাবে হবে, তা ঠিক করে দিয়ে অন্তর্বর্তী সরকারের সময় ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ জারি করা হয়। আর সেসব সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বিষয়ে জনগণের সম্মতি নিতে ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের দিন হয় গণভোট।

গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ায় জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী, বর্তমান সংসদের সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও ভূমিকা রাখার কথা। নির্বাচনের ফল ঘোষিত হওয়ার ৩০ পঞ্জিকা দিবসের মধ্যে পরিষদের প্রথম অধিবেশন ডাকার কথা।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ অনুসারে, নির্বাচনে জয়ী ব্যক্তিরা একই দিনে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দুটি শপথ নেওয়ার কথা ছিল।

জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিরোধী দলের সদস্যরা সেদিন দুটি শপথ নিলেও বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। ফলে নির্ধারিত সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হয়নি।

গত রোববার বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান কার্যপ্রণালিবিধির ৬২ বিধি অনুসারে জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মুলতবি প্রস্তাব উত্থাপনের নোটিস দেন।

এ নোটিসের ওপর মঙ্গলবার সংসদে আলোচনা হয়। সংবিধান সংশোধনে সংসদে থাকা সব দলের ও স্বতন্ত্র সদস্যদের সমন্বয়ে সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব এসেছে সরকারি দলের তরফে। তবে বিরোধী দল কমিটিতে উভয় পক্ষের সমান প্রতিনিধিত্ব চায়।

সেদিন সংসদে জুলাই সনদের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে এ কমিটি গঠনের প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তখন সংসদে বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান এ কমিটি গঠনের বিষয়ে বলেন, সরকারি ও বিরোধী বেঞ্চ থেকে সমান প্রতিনিধিত্ব রেখে এমন কমিটি করা হলে তারা তা ইতিবাচকভাবে দেখবেন।

এ বিষয়ে আজ চিফ হুইপ বলেন, ‘সংবিধান সংশোধনের জন্য একটা কমিটি হবে। সেখানে সব দলের প্রতিনিধি রাখতে চাই আনুপাতিক হারে। স্বতন্ত্র থেকেও আমরা রাখতে চাই। সকলের মতামত নিয়ে সংবিধান সংশোধনের জন্য একটি কমিটি অচিরেই করব।’