
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে গণতন্ত্রের অভিযাত্রা নিরবচ্ছিন্ন করার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক হচ্ছে বিএনপি। এটিই আজ গণতন্ত্র দিবসের বাস্তবতা। মন্ত্রী বলেন, গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য যা কিছু আজকে বিএনপিই করছে এবং গণতান্ত্রিক রীতিনীতি ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার ক্ষেত্রে তারাই প্রধান অন্তরায়।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তথ্যপ্রযুক্তি বিভাগ আয়োজিত ‘জনতার সরকার’ ওয়েবসাইট (janatarsarkar.gov.bd) উদ্বোধনের সময় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলে তথ্য ভবন মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।
তথ্যমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র রচনার লক্ষ্যে জীবন দিয়ে এ দেশ রচনা করে গেছেন। কিন্তু আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা তখনই হোঁচট খায়, যখন ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবার হত্যা করা হয়। এরপরই জিয়াউর রহমান প্রথমে খন্দকার মোশতাককে হটিয়ে এবং পরে অস্ত্র ঠেকিয়ে বিচারপতি সায়েমের স্বাক্ষর নিয়ে রাষ্ট্রপতি বনে যান। পরে জিয়াউর রহমান ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে রাজনীতির কাকদের সমন্বয় ঘটিয়ে বিএনপি দল করেন। ক্ষমতা নিষ্কণ্টক করতে হাজার হাজার সেনাসদস্যকে নির্মমভাবে হত্যা করেন।’
হাছান মাহমুদ বলেন, ‘খালেদা জিয়াও কম যান না। ২০০৪ সালে ঢাকার প্রাণকেন্দ্রে দেশের বৃহত্তম রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে আওয়ামী লীগ নেতৃত্বকে হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা পরিচালনা করা হয়। আওয়ামী লীগের পাঁচজন সংসদ সদস্য আহত, আইভি রহমানসহ ২২ জন আওয়ামী লীগের নেতা–কর্মী ২ জন অজ্ঞাতসহ ২৪ জন হত্যাকাণ্ডের শিকার, পাঁচ শতাধিক আওয়ামী লীগের নেতা–কর্মী আহত হয়েছিল। অন্য আহতদের মতো আমার শরীরে এখনো বহু স্প্লিন্টার আছে।
২০১৩-১৪-১৫ সালে সরকার পতনের লক্ষ্যে মানুষকে দিনের পর দিন অবরোধের নামে ঘরের মধ্যে অবরুদ্ধ করে রেখেছে এবং পেট্রলবোমা নিক্ষেপ করে শত শত মানুষকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে আগুনে ঝলসে দিয়েছে।’
মন্ত্রী বলেন, ‘যারা এভাবে অস্ত্র উঁচিয়ে ক্ষমতা দখল করে, ক্ষমতা উচ্ছিষ্ট বিলিয়ে দল গঠন করেছিল এবং ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য হাজার হাজার মানুষকে হত্যা করেছিল, আওয়ামী লীগের হাজার হাজার কর্মীকে হত্যা করেছিল, সেই বিএনপি আজ গণতন্ত্রের কথা বলে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিবৃতি দেয়। এটি হাস্যকর। বিএনপির ২২ দলীয় ঐক্যজোটের মধ্যে তালেবানরাও আছে। যে আফগানিস্তানে মতপ্রকাশের কারণে শিরোচ্ছেদ করা হয়, সেই ভাবধারার রাজনীতির দলগুলোকে এবং সঙ্গে রেখেছে জামায়াতে ইসলামীকে, যারা দেশটাই চায়নি। সুতরাং তারাই হচ্ছে আজকের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার প্রধান অন্তরায়।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, জনতার সরকার সিটিজেন ইনটারেক্টিভ ওয়েবপোর্টাল দেশের সাধারণ জনগণ ও সরকারের মধ্যে সেতুবন্ধ তৈরি করবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য নাহিদ ইজাহার খান, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক রঞ্জিত কুমার ও জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদা ভাট্টি।
জনতার সরকার ওয়েবসাইটটি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীন ডিজিটাল লিটারেসি সেন্টারের আওতায় পরিচালিত হবে। জনতার সরকার পোর্টাল ও সরকারের ই-মেইল সেবার প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম, এটুআই ও ইউএনডিপি প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।