নির্বাচনি ব্যবস্থার প্রতি মানুষের আস্থা শূন্যের কোটায় চলে গেছে: জি এম কাদের

‘জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট’ নামে সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। আজ বুধবার দুপুরে বনানীর কার্যালয়ে
ছবি: সংগৃহীত

দেশের নির্বাচনি ব্যবস্থার প্রতি মানুষের আস্থা শূন্যের কোটায় চলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। তিনি বলেছেন, দেশের মানুষ নির্বাচনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন। তাই দেশের মানুষ এখন ভোটকেন্দ্রে যেতে আগ্রহী হচ্ছেন না। কারণ, উৎসবের নির্বাচন এখন আতঙ্কের হয়ে পড়েছে।

আজ বুধবার দুপুরে জাপার চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে ‘জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট’ নামে একটি সংগঠনের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় জি এম কাদের এ কথা বলেন।

নির্বাচনে ভোটার উপস্থিতি কেন কমছে, তার উল্লেখ করে জাপার চেয়ারম্যান বলেন, ক্ষমতাসীন রাজনৈতিক শক্তি রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর প্রশাসনের কর্মকর্তারাও নিরপেক্ষ থাকেন না নির্বাচনে। আবার ক্ষমতাসীনদের পেশিশক্তির কারণে নির্বাচনের মাঠে দাঁড়াতেই পারছে না প্রতিপক্ষ। ফলে নির্বাচনে খুব নগণ্যসংখ্যক ভোটার উপস্থিত হচ্ছেন। তাই নির্বাচনে গণমানুষের প্রত্যাশার প্রতিফলন হচ্ছে না।

জি এম কাদের বলেন, ‘এমন নির্বাচন আমরা চাই না। আমরা চাই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই। দেশের সাধারণ মানুষ হচ্ছে দেশের মালিক। দেশের মানুষ ভোটের মাধ্যমে নির্ধারণ করবে, কারা দেশ পরিচালনা করবে। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের মানুষ তাকিয়ে আছে।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় মেডিকেল টেকনোলজিস্টের প্রধান সমন্বয়কারী মনিরুল ইসলাম, জাপার যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক গোলাম মোস্তফা, মৎস্যজীবী পার্টির সভাপতি আজাহার সরকার, মেডিকেল টেকনোলজিস্টের আহ্বায়ক মো. ইকরাম হোসেন, সদস্যসচিব আশরাফুল আলম প্রমুখ।