রাজধানীর গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার দুজনের কাছে এসব ককটেল পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে
রাজধানীর গুলশানে আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে গ্রেপ্তার দুজনের কাছে এসব ককটেল পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের ঝটিকা মিছিল হয়েছে। মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করার কথাও জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আব্দুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০)।

শুক্রবার দুপুরে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। দাউদ হোসেন প্রথম আলোকে বলেন, শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান থানার ৩ নম্বর সড়কের একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০–২০০ নেতা–কর্মী জড়ো হন। মিছিলের চেষ্টা করেন। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীদের পক্ষ থেকে পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুইটি রাবার বুলেট ছুড়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

ওসি আরও বলেন, মিছিলে অংশ নেওয়া দুজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গ্রেপ্তার আব্দুর রহিম ও মো. আরাফাত   

উত্তরা থেকে গ্রেপ্তার চার

গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের আরও চার নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা–পুলিশ। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জুনায়েদ মৃধা (১৯), রাকিবুল হাসান (২৩), সাজ্জাদ হোসেন (১৯) ও মো. আব্দুল্লাহ (১৯)।

উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা সোয়া ১টার দিকে উত্তরা পশ্চিম থানার আব্দুল্লাহপুর ফ্লাইওভারের নিচে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা–কর্মীরা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পরে উত্তরা পশ্চিম থানা–পুলিশের একটি দল সেখানে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে মিছিলের একটি ব্যানার জব্দ করা হয়।